ধর্ষণের রাজনীতি

এত দ্রুত প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে আগে কখনো পাওয়া গেছে কি? জম্মুর কাঠুয়া ও উত্তর প্রদেশের উন্নাওয়ের দুই ধর্ষণকাণ্ড নিয়ে মুখ খোলার পর প্রধানমন্ত্রীকে ঘিরে এই প্রশ্নটি উঠে গেছে। আরও উঠেছে এই কারণে, মোদির মুখ খোলার ঠিক আগের দিন বৃহস্পতিবার মাঝ রাতে কাকপক্ষীকে টের পেতে না দিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও তাঁর বোন প্রিয়াংকা হাজার হাজার কংগ্রেসির সঙ্গে পায়ে পা মিলিয়ে ইন্ডিয়া গেটে মোমবাতি হাতে হাঁটলেন। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে রাহুল টুইট করলেন। আর ঠিক তার পরের দিনই, শুক্রবার, নরেন্দ্র মোদি এক অনুষ্ঠানে বললেন, ‘দেশবাসীকে আমি আশ্বস্ত করতে চাই, অপরাধীরা কেউ ছাড়া পাবে না। মা-বোনেরা সুবিচার পাবেই।’
মধ্যরাত্রে প্রজ্বালিত মোমবাতি নিয়ে হাঁটতে যাওয়ার আগে রাহুল টুইট করেছিলেন, ‘প্রধানমন্ত্রীজি, আপনার নীরবতা মেনে নেওয়া যায় না।’
প্রতিবাদী রাহুলের উসকানিতেই কি মুখ খুললেন মোদি? প্রশ্নটা উঠছে এ কারণে যে এভাবে, এত দ্রুত, কোনো সমালোচনার জবাব কখনো তিনি দেননি। কৃষকদের আত্মহত্যায় তিনি বিচলিত হননি। গোরক্ষকদের তাণ্ডব তাঁকে টলাতে পারেনি। ব্যাংক লুটেরাদের দেশত্যাগ তাঁর নীরবতা ভঙ্গ করাতে পারেনি। দলিত বিদ্রোহ তাঁর মুখ খোলাতে পারেনি। সংসদীয় অচলাবস্থা তাঁকে বিব্রত করেনি। বিরোধীদের দাবি মেনে আজ পর্যন্ত তিনি কোনো বিবৃতি দেননি। অথচ যে-ই রাহুল গান্ধী কাউকে কিছু টের পেতে না দিয়ে মাঝরাতে রাজধানী মাতালেন, মোদিও নীরবতা ভেঙে দেশবাসীকে আইনের শাসন রক্ষায় আশ্বস্ত করলেন! তবে কি এই জোড়া ধর্ষণ তাঁর দলের রাজনৈতিক অবস্থানকে সত্যিই নড়বড়ে করে দিয়েছে?
প্রশ্নটা একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। জোড়া ধর্ষণের ঘটনায় বিজেপি এ মুহূর্তে সত্যিই বেহাল। জম্মু-কাশ্মীর সরকার থেকে বিজেপির দুই মন্ত্রীর পদত্যাগ দাবি করেন। ওই দুই মন্ত্রী কাঠুয়া-কাণ্ডর অভিযুক্তদের সমর্থন করেছিলেন। উপায়ান্তর না দেখে তাঁদের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলে বিজেপি নেতৃত্ব। উত্তর প্রদেশের উন্নাওয়ে এক কিশোরীকে ধর্ষণ ও তার বাবাকে খুন করার ঘটনায় বিজেপির যে বিধায়ক ও তাঁর ভাই অভিযুক্ত, তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের ভার চলে গেছে সিবিআইয়ের হাতে। দুই ঘটনার বিরুদ্ধেই জনরোষ তীব্র আকার নিয়েছে। মোদি-সরকারের শিশু ও নারীকল্যাণমন্ত্রী মেনকা গান্ধী প্রস্তাব দিয়েছেন, ১২ বছরের নিচে কোনো শিশু ও বালিকাকে ধর্ষণ করা হলে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করা হোক। এ জন্য প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়্যাল অফেন্সেস (পকসো) আইনে সংস্কার আনার কথাও তিনি বলেছেন। জনরোষের আঁচ পেয়ে বিজেপির সাংসদ মীনাক্ষি লেখি বিবৃতি দেন। বলেন, জম্মুর মন্ত্রীদের বিপথচালিত করা হয়েছিল। তাতে জনরোষ আরও বেড়ে যায়। এ বছরের শেষে বিজেপি শাসিত তিন রাজ্যে ভোট। পরের বছর লোকসভার ভোট। নানা কারণে বিজেপির লেখচিত্র দক্ষিণমুখী। কংগ্রেসসহ অন্য বিরোধী দল উজ্জীবিত। বিষয়টিও অতীব স্পর্শকাতর। ফলে নরেন্দ্র মোদি কোনো ঝুঁকি না নেওয়াই পছন্দ করেছেন।

জম্মুর কাঠুয়ায় কাশ্মীরি মেষপালক বাখারওয়াল সম্প্রদায়ের আট বছরের এক বালিকা অপহৃত ও ধর্ষিতা হয়। তারপর তাকে খুনও করা হয়। বালিকাটিকে এক মন্দিরে আটকে রাখারও অভিযোগ ছিল। ঘটনাটা গত জানুয়ারি মাসের। উন্নাওয়ের ঘটনা আরও পুরোনো। গত বছরের জুন মাসের। দুই রাজ্যের শাসক দলের প্রভাবশালী ব্যক্তিদের চক্রান্ত ও প্রশাসনিক উদাসীনতায় ঘটনা দুটি প্রায় চাপাই পড়ে গিয়েছিল। কিন্তু এ মাসের ৯ তারিখে উন্নাওয়ের কিশোরীরা বাবার মৃত্যু হয় জেলখানায়, অস্বাভাবিকভাবে। মৃত্যুকালীন জবানবন্দিতে তিনি ‘ধর্ষক’ বিজেপি বিধায়কের ভাইয়ের বিরুদ্ধে তাঁকে পিটিয়ে হত্যার অভিযোগ আনেন। এর এক সপ্তাহ আগে ধর্ষিতা কিশোরী মুখ্যমন্ত্রী আদিত্যনাথের বাড়ির সামনে আত্মহত্যার চেষ্টা করে। সব মিলিয়ে দুই ঘটনাই গোটা দেশে প্রচারের আলোয় চলে আসে। আদালত হস্তক্ষেপ করতে বাধ্য হন। মোদিও বাধ্য হন চিরায়ত নির্বিকারের ভূমিকা থেকে বেরিয়ে এসে দেশবাসীকে আশ্বস্ত করতে।
প্রধানমন্ত্রী বুঝেছেন, এ ক্ষেত্রেও নীরব থাকলে ধর্ষণের মতো ঘৃণ্য ঘটনায় দল ও তার বিধায়ক-মন্ত্রীদের পাশে দাঁড়ানোর কলঙ্ক কপালে লেপ্টে যেত।
রাহুল নিজেকে বাহবা দিতেই পারেন। ভাবতেই পারেন, তাঁর টুইট ও মোমবাতি মিছিল প্রধানমন্ত্রীর মুখ খোলাতে বাধ্য করেছে। কিন্তু নির্বাচনের আগে বিষয়টি এখানেই তিনি ছেড়ে দিতে রাজি নন। প্রধানমন্ত্রীর মুখ খোলা নিয়েও তিনি টুইট করেছেন, ‘নীরবতা ভঙ্গের জন্য ধন্যবাদ। নারীরা সুবিচার পাবেন সে কথা জানিয়েছেন। দেশবাসী জানতে চায়, সেটা কবে পাবে?’