ধীরে এগোচ্ছেন সতর্ক মোদি

ভারতে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার প্রথম ১০০ দিন পূর্ণ করতে যাচ্ছে। জনগণের ব্যাপক প্রত্যাশা সত্ত্বেও কিছুটা ধীর ও সতর্কভাবে এগোচ্ছেন মোদি। ফলে এই সময়ে বাজেট কিংবা নীতিনির্ধারণে নাটকীয় কোনো পদক্ষেপ লক্ষ করা যায়নি।
গত ২৬ মে ক্ষমতা গ্রহণের পর এখন পর্যন্ত মোদি সরকারের কর্মকাণ্ড বিশ্লেষণ করে আজ রোববার বার্তা সংস্থা এএফপি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ষোড়শ লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এর মধ্য দিয়ে গত ৩০ বছরে কোনো দল নিজের ক্ষমতায় সরকার গঠনের সুযোগ পায়। ফলে মোদির সরকারের জন্য যেকোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে বলে মনে করা হচ্ছিল।
ভারতবাসী বিভিন্ন জোটের শাসন দেখেছে। এই সময়ে জোটের শরিকদের মন জুগিয়ে সরকারের সিদ্ধান্ত গ্রহণে দোদুল্যমানতা, ভঙ্গুর অর্থনীতি, ব্যাপক দুর্নীতি, কর্মসংস্থানের অভাব, অবকাঠামোগত দুর্বলতায় জনগণ ত্যক্তবিরক্ত ছিল। এসব থেকে তাঁরা পরিত্রাণ পেতে মোদিকে ক্ষমতায় এনেছেন।
নতুন সরকারের প্রথম বাজেটে বড় ধরনের সংস্কারের উদ্যোগ কম লক্ষণীয়। তা ছাড়া বড় ধরনের কোনো আইনগত পরিবর্তন ছাড়াই ষোড়শ লোকসভার প্রথম অধিবেশন শেষ হয়েছে।
মুদ্রাস্ফীতি আগের মতোই উচ্চমাত্রায় রয়েছে। দেশটির লাখ লাখ মানুষকে দারিদ্র্যের চক্র থেকে বের করে আনতে এখন পর্যন্ত নাটকীয় কোনো পদক্ষেপ নেয়নি মোদি সরকার। অর্থনীতি দ্রুত পুনরুদ্ধারের সম্ভাবনাও অস্পষ্ট।
এ প্রসঙ্গে নয়াদিল্লিভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের মনোজ জোশি বলেন, ‘মোদি যখন ক্ষমতায় আসেন, তখন তাঁর কাছে মানুষের ব্যাপক প্রত্যাশা ছিল। মানুষ ভেবেছিল, প্রথম দিন থেকেই সবকিছু শুরু হবে। কিন্তু তিনি (মোদি) কিছুটা ধীর ও সতর্ক। আমরা বাজেট ও নীতি ঘোষণার ক্ষেত্রে নাটকীয় কিছু দেখিনি।’
তবে এসবের বাইরে মোদির বেশ কিছু কাজ প্রশংসাও কুড়িয়েছে। স্বাধীনতা দিবসের ভাষণে তিনি নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে কথা বলেছেন। এক দশকের মধ্যে সবার জন্য শৌচাগারের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন। সমাজের দরিদ্র মানুষকে ব্যাংক হিসাব খুলতে সক্ষম করে তোলারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
সোভিয়েত ঢঙে করা ভারতের পরিকল্পনা কমিশন ভেঙে দেওয়ার বিষয়ে মোদি সরকারের পরিকল্পনা প্রশংসিত হয়েছে। নয়াদিল্লির প্রশাসনে থাকা দুর্নীতি দূর ও অদক্ষ কর্মকর্তাদের ছেঁটে ফেলার উদ্যোগটিও জনপ্রিয়তা পেয়েছে।
সেন্টার ফর পলিসি রিসার্চের অর্থনীতিবিদ বিবেক দেব রয় বলেন, মোদির উচ্চাকাঙ্ক্ষাগুলো পূরণে কিছুটা সময় লাগবে। ১০০ দিনের লক্ষ্য বা এজেন্ডা নির্ধারণে তিনি যে বিশ্বাসী নন—এ কথা সব ভাষণেই স্পষ্ট করেছেন।