ধ্বংসস্তূপেও সেলফি তোলা চাই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একেই বোধ হয় বলে, রোম যখন পুড়ছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন। তা না হলে ঘূর্ণিঝড় ভার্দাহর প্রভাবে যখন চারপাশে লন্ডভন্ড অবস্থা, তখন মনের সুখে সেলফি তুলছে ভারতের তামিলনাড়ুর একদল সেলফিপ্রেমী।

টাইমস অব ইন্ডিয়ার খবরে আজ মঙ্গলবার জানানো হয়, ঘূর্ণিঝড় ভার্দাহের সময় সতর্কতা অবলম্বনের জন্য তামিলনাড়ুর সরকার বাসিন্দাদের প্রতি নির্দেশনা দেয়। তবে এসবের কোনো তোয়াক্কা করেনি তামিলনাড়ুর চেন্নাইয়ের অনেক বাসিন্দা। কেউ একা, আবার কেউ কেউ দল বেঁধে চেন্নাইয়ের মেরিনা সমুদ্রসৈকতে জড়ো হয়। ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড অবস্থার মধ্যেই সেলফি তুলতে থাকে তারা। তাদের সামলানো যাচ্ছে না।

গান্ধী ভাস্কর্যের পাশে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ বলেন, ‘আমি সকাল সাড়ে ছয়টা থেকে পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করছি।’ তিনি বলেন, সাগর উত্তাল বলে দর্শনার্থীদের সৈকতের কাছে যেতে মানা করা হচ্ছে। কিন্তু এতে কোনো কাজ হচ্ছে না। তারা এসবের তোয়াক্কা করছে না বলে তিনি মন্তব্য করেন।

ঘূর্ণিঝড়ের পরপরই বন্ধুদের সঙ্গে সমুদ্রসৈকতে যান কে শিবপ্রসাদ। কেন? জানতে চাইলে তিনি ও তাঁর বন্ধুরা বলেন, ‘ঘূর্ণিঝড়ের অভিজ্ঞতা নিতে এসেছি।’ কোথাও কোথাও দেখা গেল, সেলফিপ্রেমীরা দায়িত্বরত পুলিশের সঙ্গেই সেলফি তোলায় ব্যস্ত।