নকল রোধে অদ্ভুত প্রস্তাব!

ভারতের বিহারের মাধ্যমিক শ্রেণির বোর্ডের পরীক্ষা নকল যেন নিয়মিতই ঘটনা। এবার এই ঘটনার খবর গণমাধ্যমে আসার পর প্রদেশ সরকারের সমালোচনা হচ্ছে ব্যাপক। সরকারের শিক্ষামন্ত্রী নকল বন্ধে অসহায়ত্ব প্রকাশ করে বলেছেন, ‘এটা বন্ধ করতে কি গুলি চালানোর অনুমতি দেব।’ যথেচ্ছ নকলের ব্যবহারে দেশের বাইরেও সমালোচনা হয়েছে। ‘নিরাপত্তাবলয়’ ভেদ করে দেওয়াল বেয়ে পরীক্ষার্থীদের বন্ধু ও অভিভাবকদের ‘নকল সাপ্লাই’ দেওয়ার ছবিও প্রকাশ হয়েছে। তবে পরীক্ষায় নকল বন্ধ করার এক অভিনব পদ্ধতির কথা বলেছেন বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। তার মতে বই খুলে পরীক্ষা দিতে দিলেই সমস্যার সমাধান হবে।
রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদ যাদবের বরাত দিয়ে আজ সোমবার টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়, ক্ষমতায় থাকলে পরীক্ষার্থীদের বই খুলে পরীক্ষা দেওয়ার অনুমতি দেবেন লালু। নানা কারণে বারবার আলোচনায় থাকা সাবেক এই মুখ্যমন্ত্রী বলেন, ‘যদি আমাদের সরকার বিহারে ক্ষমতায় আসে, তবে পরীক্ষার্থীদের বই খুলে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা চালু করব। যারা বই পড়বে, শুধু তারাই বই দেখে প্রশ্নের উত্তর দিতে পারবে।’ রোববার দেশটির বুক্সার জেলায় প্রত্যন্ত গ্রামে একটি স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
দেওয়াল বেয়ে অভিভাবকদের তিন-চার তলা ভবনের উঠে ‘নকল সাপ্লাই’ দেওয়ার ছবির প্রসঙ্গে মজা করে লালু প্রসাদ বলেন, ‘ছবিগুলো দেখে মনে হচ্ছে টিকটিকি দেওয়াল বেয়ে উঠছে।’
এদিকে লালু প্রসাদের বই খুলে পরীক্ষা চালুর প্রতি সমর্থন করেছেন দেশটির ক্ষমতাসীন বিজেপির এক জ্যেষ্ঠ নেতা সুশীল কুমার মোদি। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের নানা দেশের প্রধান কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এ ব্যবস্থা চালু আছে জানিয়ে তিনি বলেন, যেসব শিক্ষার্থী ভালোভাবে বই পড়বে, তারাই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন।
এনডিটিভির এক খবরে বলা হয়েছে, লালু প্রসাদ যাদব নকল সমস্যার সমাধানের কথা বলতে গিয়ে বলেছেন, ‘যখন আপনি কোথায় যাবেন, কেউ আপনার এই ডিগ্রির কথা বিশ্বাস করবে না। যদি আপনি পরীক্ষা পদ্ধতিকে শুদ্ধ করতে না, তবে তাঁদের আপনি পাস করাবেন কেন? পাস করতে না পারা পর্যন্ত তাঁদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন।’
সাবেক এই মুখ্যমন্ত্রী বর্তমান বিহার সরকারের উদ্দেশে বলেন, সরকার বলছে তারা নকল করা রোধ করতে পারবে না। আমি যখন মুখ্যমন্ত্রী ছিলাম তখন, আমি সব পরীক্ষার্থীর হাতে বই দিয়ে বলেছিলাম, এখান থেকে দেখে দেখে লেখ। আপনি কি ভাবেন তারা তা পারবে? তারা লেখা শুরু করে এবং তিন ঘণ্টা শেষ হয়ে যায়। কিন্তু ফলাফল ঘোষণার সময় দেখা যায় অধিকাংশই ফেল করেছে। এভাবেই নকল বন্ধ করা সম্ভব।
গত মঙ্গলবার শুরু হওয়া এ পরীক্ষা চলবে ২৪ মার্চ পর্যন্ত। প্রায় ১৪ লাখ পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছেন।
আরও খরব:
পরীক্ষা, নাকি নকলের মচ্ছব!