নজরদারির অভিযোগে উত্তপ্ত ভারতীয় পার্লামেন্ট
ভারতের কংগ্রেস দলের সহসভাপতি রাহুল গান্ধীর বাড়িতে পুলিশ যাওয়ার প্রতিবাদে গতকাল সোমবার প্রত্যাশামতোই দেশটির পার্লামেন্ট উত্তপ্ত হয়ে ওঠে। লোকসভা এবং রাজ্যসভা—পার্লামেন্টের দুটি কক্ষেই বিরোধী দলগুলো বিজেপি সরকারের বিরুদ্ধে রাজনৈতিক স্বাধীনতা হরণের অভিযোগ তোলে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
সরকারের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, তিলকে তাল করা হচ্ছে। যা করা হয়েছে, তা নেহাত নিরাপত্তার স্বার্থেই। দিল্লি পুলিশের একটি দল গত শুক্রবার নয়াদিল্লির ১২ তুঘলক লেনে রাহুলের সরকারি আবাসে যায়। সেখানে গিয়ে তারা রাহুলের গায়ের রং, চোখের মণির রং, উচ্চতা ইত্যাদি নিয়ে প্রশ্ন করতে থাকে। তাদের হাতে একটি ফরম ছিল। একাধিক হত্যাকাণ্ডের শিকার গান্ধী পরিবারের সদস্য হিসেবে রাহুল গান্ধী দেশের সর্বোচ্চ ‘জেড প্লাস’ নিরাপত্তা পান। তাঁর নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত ব্যক্তিরা পাল্টা প্রশ্ন শুরু করলে পুলিশ চলে যায়।
গতকাল রাজ্যসভায় কংগ্রেস নেতা গোলাম নবী আজাদ এবং লোকসভায় মল্লিকার্জুন খারগে রাহুলের বিরুদ্ধে নজরদারির অভিযোগে সরব হন। সমাজবাদী দলের নেতা নরেশ আগরওয়াল অভিযোগ করেছেন, সরকার বিশিষ্ট ব্যক্তিদের টেলিফোনে আড়ি পাতছে।
বিরোধী দলের এসব অভিযোগের কড়া জবাব দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। বলা হয়, রাহুলের বিষয়ে পুলিশের তথ্য সংগ্রহ ৫২৬ জন ভিআইপিকে দেওয়া বিশেষ নিরাপত্তাব্যবস্থার একটি অংশ। কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী এবং ভারতের সাবেক সব প্রধানমন্ত্রী এ সুবিধা পেয়ে থাকেন।
রাজ্যসভায় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, পুলিশ ১৯৮৭ সাল থেকেই ভিআইপিদের বিষয়ে এসব তথ্য সংগ্রহ করে আসছে। তাঁদের নিরাপত্তার জন্যই তা করা হয়। সাবেক প্রধানমন্ত্রী দেব গৌড়, আই কে গুজরাল, মনমোহন সিং এবং অটল বিহারি বাজপেয়ি সম্পর্কে এভাবে তথ্য নেওয়া হয়েছে। সোনিয়া গান্ধী সম্পর্কে ২০০৪ থেকে ২০১২ সাল পর্যন্ত পাঁচবার বিশেষ ফরম ব্যবহার
করে তথ্য সংগ্রহ করা হয়েছে।