সর্বভারতীয় রাজনৈতিক মেরুকরণে অনুঘটকের ভূমিকায় নিজেকে প্রতিষ্ঠা করার কাজটুকু সেরে রাজ্যে ফিরলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন দিনের এই দিল্লি সফরে তিনি এটাও বুঝিয়ে দিলেন, রাজ্যের কংগ্রেস নেতারা যতই তাঁর প্রতি ক্ষুব্ধ থাকুন, ভবিষ্যৎ রাজনীতির স্বার্থে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সদ্ভাবের অভাব তিনি রাখবেন না।
সারদা কেলেঙ্কারিতে কোণঠাসা মমতা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন বলে বিরোধীরা রাজ্যে প্রচার চালাচ্ছে বেশ কিছুদিন। সেই প্রচারের পাল্টা যুক্তিতে মমতার কথা, কেন্দ্রকে অবহেলা ও অবজ্ঞা করে রাজ্য চালানো যায় না।
রাজ্যের দাবিদাওয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এবারের বৈঠককে মমতা ‘ইতিবাচক ও সন্তোষজনক’ বলেই অভিহিত করেছেন। মোদির সঙ্গে বৈঠকের পর এ ধরনের বিশেষণ তিনি আগে কখনো উচ্চারণ করেননি। শুধু তা-ই নয়, একই দিনে পশ্চিমবঙ্গ সফরে গিয়ে বিজেপি সভাপতি অমিত শাহ রাজ্য সরকারের যে সমালোচনা করেন, সংবাদ সম্মেলনে মমতা তার পাল্টা জবাব দিতে পর্যন্ত অস্বীকার করেন।
বিজেপির প্রতি মনোভাবের এই পরিবর্তন সত্ত্বেও মমতা এই সফরে কংগ্রেসকেও বিশেষ গুরুত্ব দিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংসদে দলীয় অফিসে প্রকাশ্যে বৈঠক করলেও কংগ্রেস নেতা গোলাম নবী আজাদের সঙ্গে বৈঠক করেন নিভৃতে। এরপরে সংসদের সেন্ট্রাল হলে কাকতালীয়ভাবে তাঁর দেখা হয়ে যায় সোনিয়া ও রাহুল গান্ধীর সঙ্গে। প্রদেশ কংগ্রেসের যাঁরা আগামী বছরের বিধানসভা নির্বাচনে বামদের সঙ্গে জোট বাঁধার পক্ষে, দুই নেত্রীর এই সাক্ষাৎ ও পারস্পরিক স্তুতি তাঁদের পক্ষে চিন্তার কারণ হবে।
বিজেপি ও কংগ্রেসকে বাদ দিয়ে তৃতীয় শক্তির জোট ও সরকার গঠনের যে উদ্যোগ সেই আশির দশক থেকেই বামপন্থীরা নিয়ে আসছে, এই সফরে মমতা সে উদ্যোগটাই নিলেন। সিপিএম নেতা হরকিষেণ সিং সুরজিৎ ও জ্যোতি বসু যে ভূমিকা পালন করেছেন এবং পরবর্তীকালে প্রকাশ কারাট ও সিতারাম ইয়েচুরি, সেই ভূমিকাতেই এবার নামলেন মমতা। এনসিপি নেতা শারদ পাওয়ারের বাড়িতে জনতা দল (সংযুক্ত) নেতা শারদ যাদব, জম্মু-কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহ, সমাজবাদী পার্টির মুলায়ম সিং যাদব এবং মমতার যে বৈঠক হয়, তার উদ্যোগ তৃণমূল নেত্রীরই। উদ্দেশ্য—ফেডারেল ফ্রন্ট গঠনের আহ্বানকে বাস্তবে রূপ দেওয়া। লক্ষ্য—বিজেপিকে ঠেকিয়ে এই ফ্রন্ট গড়ে সরকার গঠনে সমর্থন দিতে কংগ্রেসকে বাধ্য করা। ফেডারেল ফ্রন্টে অন্য আঞ্চলিক দলগুলোকেও ভবিষ্যতে জড়ো করার আগ্রহ জানিয়েছেন মমতা।