নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে ভারত
ভারতের নৌবাহিনী শিগগিরই একটি নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে। ক্ষেপণাস্ত্র, বিমান ও ড্রোন হামলা মোকাবিলায় ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য এই ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করা যাবে। ভারত ও ইসরায়েল যৌথভাবে এটি তৈরি করেছে। খবর এনডিটিভির।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, আসছে বর্ষাকালে যুদ্ধজাহাজ আইএনএস কলকাতা থেকে বারাক-৮ নামের ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হবে। এই পরীক্ষা সফল হলে ক্ষেপণাস্ত্রটি যুদ্ধজাহাজে চূড়ান্তভাবে স্থাপন করা হবে। গত বছরের নভেম্বরে ইসরায়েল এর সফল পরীক্ষা চালিয়েছিল। এটি ৭০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
ইসরায়েলের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ, অস্ত্র ও প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন প্রশাসন, ভারতের ডিআরডিওসহ অন্যান্য কয়েকটি প্রতিষ্ঠান যৌথভাবে ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে।
ভারতের সরকারি প্রতিষ্ঠান ভারত ডায়নামিক লিমিটেড (বিডিএল) প্রাথমিকভাবে প্রায় ৩২টি বারাক-৮ ক্ষেপণাস্ত্র তৈরি করবে।