নতুন দল গড়ার ইঙ্গিত যোগেন্দ্র-প্রশান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আম আদমি পার্টির (এএপি) দুই প্রতিষ্ঠাতা সদস্য যোগেন্দ্র যাদব (বামে) ও প্রশান্ত ভূষণ (ডানে) যে নতুন রাজনৈতিক দল গড়ার কথা ভাবছেন, তাঁদের সাম্প্রতিক কথাবার্তায় তার ইঙ্গিত মেলে।
আম আদমি পার্টির (এএপি) দুই প্রতিষ্ঠাতা সদস্য যোগেন্দ্র যাদব (বামে) ও প্রশান্ত ভূষণ (ডানে) যে নতুন রাজনৈতিক দল গড়ার কথা ভাবছেন, তাঁদের সাম্প্রতিক কথাবার্তায় তার ইঙ্গিত মেলে।

ভারতের আলোচিত আম আদমি পার্টির (এএপি) দুই প্রতিষ্ঠাতা সদস্য যোগেন্দ্র যাদব ও প্রশান্ত ভূষণ নতুন রাজনৈতিক দল গড়ার ইঙ্গিত দিয়েছেন।
আজ মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে এমন সম্ভাবনার কথা জানানো হয়েছে।
দিল্লির অদূরে গত শনিবার এএপির জাতীয় কাউন্সিলের সভায় যোগেন্দ্র-প্রশান্তকে দলের জাতীয় নির্বাহী কমিটি থেকে বাদ দেওয়া হয়। যাদবের সমর্থক বলে পরিচিত আনন্দ কুমার এবং অজিত ঝাকেও দলের নির্বাহী কমিটি থেকে বাদ দেওয়া হয়।
যোগেন্দ্র ও প্রশান্ত দুজনই এএপির প্রধান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরোধী বলে পরিচিত।
সম্ভাব্য রাজনৈতিক দল গড়ার উদ্যোগের অংশ হিসেবে হাওয়া বুঝতে আগামী ১৪ এপ্রিল নিজেদের সমর্থকদের সঙ্গে নিয়ে একটি জাতীয় সংলাপ করবেন যোগেন্দ্র ও প্রশান্ত। এএপিতে থাকা নিজেদের অনুসারী এবং সামাজিক আন্দোলনের প্রতিনিধিরাও ওই সংলাপে উপস্থিত থাকবেন।
যোগেন্দ্র ও প্রশান্ত যে নতুন রাজনৈতিক দল গড়ার কথা ভাবছেন, তাঁদের সাম্প্রতিক কথাবার্তায় তার ইঙ্গিত মেলে।
প্রশান্ত বলেন, এএপি নামটি নিয়ে আইনগত লড়াই তাঁর কাছে অস্বস্তিকর।
যোগেন্দ্র বলেছেন, দলের জাতীয় নির্বাহী কমিটি থেকে বাদ পড়ার পর শিক্ষাকার্যক্রমে ফিরে যাওয়ার ভাবনা তাঁর নেই। রাজনীতিতেই থাকছেন তিনি।
যোগেন্দ্র বলেছেন, এএপির আন্দোলনের আদর্শকে বাঁচিয়ে রাখার পক্ষে তাঁর মত। এই লক্ষ্যে সামনে এগিয়ে যেতে হবে।
প্রশান্ত বলেছেন, তাঁদের হাতে তিনটি বিকল্প আছে। প্রথমত, কেজরিওয়াল গংদের কাছ থেকে দলকে উদ্ধার করতে নির্বাচন কমিশন বা আদালতে যাওয়া। তবে এই পদক্ষেপটা তাঁর পছন্দ নয়। দ্বিতীয়ত, নতুন রাজনৈতিক দল করা, যে দল এএপির আদর্শ ও লক্ষ্যকে এগিয়ে নেবে। তৃতীয়ত, রাজনৈতিক দল না করে জনগণের দাবিদাওয়া নিয়ে আন্দোলন করা। তবে সর্বস্তরের মানুষের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।