প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইচ্ছা প্রকাশ করেছেন, কিন্তু তা রূপায়ণে রাজ্যে রাজ্যে এত বিতর্ক দানা বাঁধবে, মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানি তা নিশ্চয় কল্পনাও করেননি।
প্রতিবছর ৫ সেপ্টেম্বর, ভারতের শিক্ষাবিদ সাবেক রাষ্ট্রপতি সর্বপল্লি রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে সারা দেশে শিক্ষক দিবস পালিত হয়। এই দিন দেশের স্কুলপড়ুয়াদের জন্য ভাষণ ও তাদের সঙ্গে সরাসরি কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভোটের আগে ঠিক যেমন ‘চায় পে চর্চা’ হয়েছিল, ঠিক সেই রকম ‘ভিডিও কনফারেন্স’ মারফত মোদি রাজ্যে রাজ্যে স্কুলপড়ুয়াদের সঙ্গে যোগাযোগ করতে চান। স্মৃতি ইরানি সেই ইচ্ছা বাস্তবায়িত করতে রাজ্যগুলোতে যে নির্দেশিকা পাঠিয়েছেন, তাকে ঘিরে শুরু হয় বিতর্ক।
মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের সুপারিশ, আজ ৫ সেপ্টেম্বর সারা দেশের সরকারি স্কুলগুলোতে বেলা আড়াইটা থেকে পাঁচটা পর্যন্ত ছাত্রছাত্রীদের প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে হবে। পড়ুয়ারা প্রধানমন্ত্রীকে যা খুশি প্রশ্নও করতে পারবে। এ জন্য স্কুল কর্তৃপক্ষকে টিভির বন্দোবস্ত করতে হবে। স্কুলে বিদ্যুতের ব্যবস্থা না থাকলে রাজ্য সরকারকে তা বন্দোবস্ত করতে হবে। মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয় থেকে একটি রচনা প্রতিযোগিতার আয়োজনও করা হচ্ছে। এর বিষয়বস্তু ‘আমার শিক্ষক’। এমন একটা খবরও শোনা গেছে যে, শিক্ষক দিবসের নাম বদলে ‘গুরু উৎসব’ করা হচ্ছে। বিভিন্ন রাজ্য এর বিরুদ্ধে আপত্তি তুলেছে। তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী করুণানিধি চিঠি লেখেন। মন্ত্রী ইরানি অবশ্য এমন কোনো উদ্যোগের কথা অস্বীকার করেছেন।
বিজেপিবিরোধী রাজনৈতিক দলের নেতারা মনে করছেন, এটা মোদি-মাহাত্ম্য তুলে ধরারই এক নতুন ছক। স্কুলপড়ুয়াদের মনে তিনি দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে চাইছেন। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ মন্তব্য করেছেন, এটা উত্তর কোরিয়ার নেতাদের কায়দায় এক স্বেচ্ছাচারী কাজ।
শিক্ষা যৌথ তালিকাভুক্ত হওয়ায় পশ্চিমবঙ্গসহ বিভিন্ন অবিজেপি রাজ্য প্রধানমন্ত্রীর ভাষণ শোনা বাধ্যতামূলক করার বিষয়ে আপত্তি করেছে। বলছে, কেন্দ্র বাধ্যতামূলকভাবে এটা করতে পারে না। পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, এদিন বহু স্কুলে ছুটি থাকে। তা ছাড়া ভাষণ শোনার জন্য বাচ্চা ছেলেমেয়েদের জোর করে স্কুলে আটকে রাখারও কোনো মানে হয় না। ইরানি অবশ্য নাছোড়। তাঁর কথা, এটা বাধ্যতামূলক নয়। শুধুই একটা প্রস্তাব বা পরামর্শ। তা কার্যকর করতে স্কুল কর্তৃপক্ষ সাহায্য চাইলে কেন্দ্র প্রস্তুত। অনুষ্ঠান শেষে কেন্দ্রকে জানাতে হবে, রাজ্যে রাজ্যে কতজন ছাত্রছাত্রী প্রধানমন্ত্রীর ভাষণ শুনেছে।