ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তিনি এক নতুন ভারত গড়তে চান। এ লক্ষ্যে তাঁর সরকার কাজ করে যাচ্ছে। ভারত সমৃদ্ধির এক নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে। যুক্তরাজ্যে সফররত মোদি গতকাল শুক্রবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে আয়োজিত বিশাল জনসভায় দেওয়া ভাষণে এসব কথা বলেন।
এর আগে রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে বাকিংহাম প্যালেসে মধ্যাহ্নভোজে অংশ নেন মোদি। যুক্তরাজ্যে মোদির চলতি সফরে গতকাল ছিল দ্বিতীয় দিন। খবর বিবিসি ও এএফপির।
ওয়েম্বলি ভাষণে মোদি বলেন, তাঁর সরকার ‘ডিজিটাল ভারত’, ‘পরিচ্ছন্ন ভারত’ ও ‘দক্ষ ভারত’ গড়ে তুলতে চায়। দুর্নীতির সংক্রমণে ভারত আক্রান্ত। এটা তাঁদের লজ্জিত করে। মোদি প্রশ্ন করেন, ‘এই সংক্রমণের কি কোনো ওষুধ নেই?’ তিনি বলেন, বহুদিন ধরে জমা হওয়া সমস্যার পাহাড় ঠেলে ভারত সমৃদ্ধির এক নতুন দিগন্তের দিকে এগিয়ে যাবে।
যুক্তরাজ্যের ব্যবসায়ী নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেন মোদি। ভারতের সঙ্গে ১ কোটি ৩৭ লাখ মার্কিন ডলারের বাণিজ্য চুক্তি সম্পাদনের ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তিনি গত বৃহস্পতিবার মোদিকে স্বাগত জানান এবং তাঁর এ সফরকে দুই দেশের জন্য ‘এক ঐতিহাসিক সুযোগ’ আখ্যা দেন। তাঁরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেন এবং দুই দেশের জ্বালানি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।