নতুন রাহুলের নতুন অস্ত্র

ভূমি অধিগ্রহণ বিলের পর ভারতের বিরোধী কংগ্রেস দলের দ্বিতীয় সরকারবিরোধী অস্ত্র ইন্টারনেট। দলের সহসভাপতি রাহুল গান্ধী এবার সেই অস্ত্রই হাতে তুলে নিলেন। গতকাল বুধবার লোকসভায় সরকারের উদ্দেশে তিনি বললেন, কৃষকদের কাছ থেকে জোর করে জমি কেড়ে নেওয়ার ছক কষার পর বিজেপি সরকার এবার ইন্টারনেটকে বড় বড় কোম্পানির হাতে তুলে দিতে চাইছে। সরকারের এই প্রচেষ্টায় বাধা দিতে লাখ লাখ মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে সরব।
সরকারের উদ্দেশে ‘ইন্টারনেটের স্বাধীনতা কেড়ে না নেওয়ার’ আহ্বান জানান রাহুল গান্ধী। সে জন্য প্রয়োজনে নতুন আইন আনার দাবি জানান তিনি।
প্রায় দুই মাসের অজ্ঞাতবাসের পর জনসমক্ষে ফিরে আসা রাহুলের মধ্যে বেশ পরিবর্তন দেখা যাচ্ছে। নয়াদিল্লির রামলীলা ময়দানের বিশাল ও সফল কৃষকসমাবেশের পরদিনই তিনি ভূমি অধিগ্রহণ বিলের বিরুদ্ধে লোকসভায় সরকারকে তুলাধোনা করেন। আর গতকাল তুললেন ইন্টারনেটের স্বাধীনতার প্রশ্ন। জিরো আওয়ারে বিষয়টি উত্থাপন করে রাহুল বলেন, ইন্টারনেটের স্বাধীনতা খর্ব করার একটা চেষ্টা চলছে। সেই জন্য টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (ট্রাই) প্রতিবেদন তৈরি করছে। সরকার চাইছে এই অধিকার ও স্বাধীনতা কেড়ে নিয়ে বড় বড় কোম্পানির হাতে তা তুলে দিতে, যাতে তারা মুনাফা করতে পারে। তা-ই যদি না হবে, তাহলে ট্রাইকে কেন প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছে?
প্রসঙ্গটি তোলার আগে রাহুল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে টাইম ম্যাগাজিনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নিবন্ধটির উল্লেখ করেন। তিনি বলেন, শেষ সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভের প্রশংসার পর ওবামা এই দ্বিতীয়বার কারও প্রশংসা করলেন। ভারতের কোনো প্রধানমন্ত্রীর প্রশংসা এর আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট এভাবে করেননি। মার্কিন যুক্তরাষ্ট্রই বিশ্বের সবচেয়ে বড় উদ্যোক্তাদের দেশ। এ কথা বলার পরই ইন্টারনেটের স্বাধীনতা খর্বে ‘সরকারি উদ্যোগের’ প্রসঙ্গ তোলেন রাহুল। অভিযোগ করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর সরকার শিল্পবান্ধব ও কৃষিবিরোধী। দুই দিন আগেই এ সরকারকে তিনি ‘সু৵ট-বুটের সরকার’ বলে খোঁটা দিয়েছিলেন।
জিরো আওয়ারে তোলা কোনো প্রশ্নের জবাব মন্ত্রীরা সচরাচর দেন না। মন্ত্রীদের বাধ্যও করানো যায় না। কিন্তু সভায় উপস্থিত টেলিযোগাযোগমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে সরকারের নীতির কথা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী বারবার বলেছেন, প্রত্যেক মানুষের ইন্টারনেটের অধিকার সম্পর্কে তাঁর সরকার সচেতন। সামাজিক যোগাযোগমাধ্যমে মোদির উপস্থিতিও প্রবল। বহু মানুষ তাঁর অনুগামী। ই-প্রশাসনের পর সরকারের লক্ষ্য মোবাইল প্রশাসন। প্রধানমন্ত্রী যখন ডিজিটাল ইন্ডিয়ার কথা বলেন, তখন তিনি ১২৫ কোটি মানুষের ইন্টারনেট স্বাধীনতার কথাই বলেন।
মন্ত্রী রবিশঙ্কর বলেন, ইন্টারনেট নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে হলে তা তিনি নেবেন, তাঁদের সরকার নেবে, ট্রাই নয়। সংসদের বাইরে অবশ্য ঠিক এই বিষয়টির ওপরেই রাহুল জোর দেন। তিনি বলেন, মন্ত্রী উত্তরটি এড়িয়ে গেলেন। ইন্টারনেটের স্বাধীনতা কেড়ে নেওয়া হবে না, সে কথা স্পষ্ট করে জানালেন না।