নদী উৎসবে মুখর আসাম
উত্তর-পূর্ব ভারতের আসামের সবচেয়ে বড় উৎসব ‘বিহু’র আগেই নদী উৎসবে মুখর হয়ে উঠেছে এ রাজ্য। আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে পাঁচ দিনের এ নদী উৎসব ‘নমমি ব্রহ্মপুত্র ফেস্টিভ্যাল’।
রাজ্যের ব্রহ্মপুত্র অববাহিকা অঞ্চলের ২১টি জেলায় একযোগে চলবে এ উৎসব। উৎসব উদ্বোধন করবেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। আগামী রোববার তিব্বতীয় ধর্মগুরু দালাই লামাও যোগ দেবেন এই উৎসবে।
বাংলা নববর্ষের মতোই বৈশাখের শুরুতে রঙালি বিহু আসামের সবচেয়ে বড় উৎসব। তবে এবার বিহুর আগেই আসাম অন্য উৎসবের জ্বরে কাবু। রাজ্যের ক্ষমতাসীন বিজেপি সরকার আয়োজন করেছে অভিনব এ নদী উৎসবের। গুয়াহাটির নামকরা সাংস্কৃতিক সংগঠন ব্যতিক্রমের প্রধান সৌমেন ভারতীয়া প্রথম আলোকে বলেন, ‘বিহুর আগেই আমরা এবার উৎসবে মেতে উঠছি। ব্রহ্মপুত্রকে কেন্দ্র করে অভিনব উৎসবের এ আয়োজন করা হয়েছে। শুক্রবার উৎসবের সূচনার জন্য গোটা আসামই শুধু নয়, উত্তর-পূর্ব ভারত অপেক্ষায় রয়েছে।’
এই উৎসব চলবে ৩১ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত। উৎসব উপলক্ষে প্রণব মুখার্জি ছাড়াও একঝাঁক রাজনৈতিক তারকা আসছেন আসামে। নিতীন গড়কড়ি, উমা ভারতী, মহেশ শর্মা তো থাকছেনই; থাকবেন বলিউডের চিত্র তারকারাও। রামদেবও থাকছেন আসামের প্রধান নদীকে ঘিরে আয়োজিত উৎসবে। আসামের শিল্প, সংস্কৃতির পাশাপাশি মানুষের দৈনন্দিন জীবনযাপনশৈলী—সবই তুলে ধরা হবে উৎসবে।