নদীকে যৌথ তালিকায় চায় মোদি সরকার
নদীর পানির বিষয়টি রাজ্য তালিকা থেকে যৌথ তালিকায় আনার কথা ভাবছে ভারতের কেন্দ্রীয় সরকার।
গতকাল বৃহস্পতিবার রাজধানী নয়াদিল্লিতে এ কথা জানান ভারতের কেন্দ্রীয় জলসম্পদ প্রতিমন্ত্রী সঞ্জীব বালিয়ান। কলকাতার আনন্দ বাজার পত্রিকার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এদিন অবশ্য তিস্তার বিষয়ে আলাদাভাবে কিছু বলেননি বালিয়ান।
নদীকে যৌথ তালিকায় নিতে নরেন্দ্র মোদি সরকারের আগ্রহের কথা বালিয়ান যে সময় জানালেন, তখন তিস্তা নদীর পানিবণ্টন চুক্তি নিয়ে বাংলাদেশের সঙ্গে দেনদরবার চলছে।
প্রতিমন্ত্রী বালিয়ান জানান, নদীর বিষয়টি কেন্দ্র-রাজ্যের যৌথ তালিকায় এলে নানা রাজ্যের নানা মত এড়ানো যাবে।
চলতি বছরের শুরুর দিকে কেন্দ্রীয় জলসম্পদমন্ত্রী উমা ভারতী নদীকে যৌথ তালিকায় আনার বিষয়ে বিভিন্ন রাজ্যের মতামত চেয়েছিলেন। তখন তিনি মানস-সংকোশ-তিস্তা-গঙ্গা-মহানদী-গোদাবরী নদীর সংযুক্তির একটি বড় প্রকল্প হাতে নেওয়ার কথা বলেছিলেন।
নদীকে যৌথ তালিকায় আনতে গেলে সংবিধান সংশোধন করার প্রয়োজন পড়বে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে আনন্দ বাজার জানিয়েছে, তিস্তা নিয়ে কেন্দ্রীয় সরকারের আপাতত তিনটি ভাবনা আছে। প্রথমত, যৌথ তালিকায় এনে নদীর বিষয়ে কেন্দ্রের এখতিয়ার বাড়ানো। দ্বিতীয়ত, মমতাকে নদীর পানি বণ্টনের প্রশ্নে আরও বোঝানোর চেষ্টা। তৃতীয়ত, এতে কাজ না হলে একতরফা কেন্দ্রের এগোনোর কথা ভাবা।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় তাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, তাঁদের সরকারের আমলেই তিস্তার সমাধান হতে পারে।
তিস্তা নিয়ে মমতা বিকল্প প্রস্তাব দিয়েছেন। ওই প্রস্তাবকে আমল দিচ্ছে না ভারতের কেন্দ্রীয় সরকার। পররাষ্ট্র মন্ত্রণায়ের এক মুখপাত্র গতকাল বলেছেন, দুই দেশের যৌথ বিবৃতিতে যা বলা হয়েছে, সেটাই নয়াদিল্লির অবস্থান।