নদীর পানির তথ্য দেয়নি চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসাম, বিহার ও পশ্চিমবঙ্গে এ বছর যে ভয়াবহ বন্যা, তার পেছনেও কি চীন? গতকাল শুক্রবার এই প্রশ্নটাই উঠল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার বলেন, চীন এ বছর ব্রহ্মপুত্র ও শতদ্রুর পানিপ্রবাহের গতিপ্রকৃতির তথ্য ভারতকে দেয়নি।

চীনে উৎপত্তি নদীগুলোর মধ্যে ব্রহ্মপুত্র ও শতদ্রুর পানিপ্রবাহের বিশেষ কিছু তথ্য প্রতিবছর চীন ভারতকে দিয়ে থাকে। এই তথ্য আদান-প্রদানের জন্য ২০০৬ সালে দুই দেশের মধ্যে একটি বোঝাপড়া হয়। উদ্দেশ্য, ভরা মৌসুমে এই নদ-নদীর জলোচ্ছ্বাসের আগাম তথ্য পেলে বন্যা ব্যবস্থাপনা এবং তা মোকাবিলা সহজ হবে ভারতের জন্য। প্রতিবছর ১৫ মে থেকে ১৫ অক্টোবর সময়ের মধ্যে এই দুই নদ-নদীর পানি, এর অববাহিকায় বৃষ্টিপাতের সম্ভাবনার যাবতীয় তথ্য চীন ভারতকে জানিয়ে আসছে। শুধু এ বছরই এর ব্যতিক্রম ঘটল।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার এক প্রশ্নের জবাবে বলেন, চীন চলতি বছরের পানিপ্রবাহের কোনো তথ্য দেয়নি বলে তাঁরা জানতে পেরেছেন। কেন দেয়নি বেইজিংয়ের কাছ থেকে তার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি বলে পানিসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের এক সূত্র বলেছে।

চীনের তথ্য না দেওয়ার কারণেই যে এবার ভারতের উত্তর-পূর্বাঞ্চলসহ বিহার ও পশ্চিমবঙ্গ প্লাবিত হয়েছে, রবীশ কুমার অবশ্য সরাসরি তা বলতে নারাজ। তিনি বলেন, আসাম বা বিহারে বন্যা নতুন কোনো ব্যাপার নয়। চীনের সঙ্গে সমঝোতার আগেও বন্যা হয়েছে, পরেও হয়েছে। তবে আগাম বার্তা পেলে বন্যা মোকাবিলা অনেক সহজ হয়। তিনি বলেন, চীন এবার কেন তথ্য দেয়নি, তা তাঁর অজানা।

এদিকে চীন অস্বীকার করলেও লাদাখের প্যাংগং লেকে ভারত ও চীনা সেনাদের মধ্যে গোলমালের খবরটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে। তবে দুই পক্ষের মধ্যে হাতাহাতি বা পাথর ছোড়াছুড়ি হয়েছে কি না, সে বিষয়ে কিছু বলতে অস্বীকৃতি জানান রবীশ কুমার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীন যাচ্ছেন কি না—এমন এক প্রশ্নের জবাবে রবীশ কুমার বলেন, এ ধরনের সফর এত আগে ঘোষণা করা হয় না।