ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পঞ্চম দফার ভোট শেষে বাকি আছে ২৯৪টি আসনের ২৫টির ভোট গ্রহণ। কুচবিহার ও পূর্ব মেদিনীপুর জেলার এসব আসনে ভোট হবে ৫ মে বৃহস্পতিবার।
পূর্ব মেদিনীপুরের সবচেয়ে স্পর্শকাতর আসন নন্দীগ্রাম। এখানে জমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনে নিহত হয়েছিলেন ১৪ গ্রামবাসী। একই সময় হুগলির সিঙ্গুরে চলছিল টাটাকে ন্যানো গাড়ি কারখানার জন্য দেওয়া জমির বিরুদ্ধে আন্দোলন। এই নন্দীগ্রাম ও সিঙ্গুরের জমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলনের অস্ত্রই ২০১১ সালে ক্ষমতায় বসিয়েছিল মমতাকে।
সিঙ্গুরের নির্বাচন গত ৩০ এপ্রিল হয়েছে বিনা রক্তপাতেই। এবার নন্দীগ্রামের পালা। এ নির্বাচনকেও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন যথেষ্ট তৎপর। কিন্তু শেষ পর্যন্ত তা শান্তিপূর্ণভাবে শেষ হবে কি না, তা নিয়ে আশঙ্কা রয়ে গেছে।
নন্দীগ্রাম আসনে মূল লড়াই হবে তৃণমূল প্রার্থী শুভেন্দু অধিকারীর সঙ্গে কংগ্রেস-বাম দল জোটের সিপিআই প্রার্থী কবির মুহম্মদের। পূর্ব মেদিনীপুরের প্রভাবশালী ব্যক্তি শুভেন্দু। তিনিই ছিলেন নন্দীগ্রাম আন্দোলনের প্রধান সৈনিক। তৃণমূল দাবি করেছে, এ আসনে রেকর্ড সংখ্যক ভোটে জিতবেন তিনি।
বিরোধী দল বলছে, নিরপেক্ষ নির্বাচন হলে শুভেন্দু বিনা চ্যালেঞ্জে পাস করবেন না। সিপিআই রাজ্য কমিটির সাবেক সম্পাদক মঞ্জু কুমার মজুমদার বলেন, ‘এখনো আমরা নন্দীগ্রাম আসনে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয়ে। আমরা নির্বিঘ্নে ভোট দিতে পারব কি না, সেটাই বড় প্রশ্ন। নন্দীগ্রাম আসনের দুটি অংশের একটিতে এখনো তাঁরা প্রচারের জন্য ঢুকতে পারেননি। বাধা দিয়েছেন ক্ষমতাসীনেরা।’
মঞ্জু কুমার মজুমদার আরও বলেন, ‘নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে আমরা তৃণমূল প্রার্থীকে যথেষ্ট চ্যালেঞ্জ জানাতে পারব। কারণ সারদা, নারদ, উড়ালসড়ক ভেঙে পড়া আর ছবি কেলেঙ্কারিতে তৃণমূলের ভাবমূর্তি অনেকটাই নষ্ট হয়েছে। মানুষও বুঝেছে তৃণমূল একটি দুর্নীতিবাজ দল।’
সিপিআই প্রার্থী কবির মুহম্মদ বলেন, নানা কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার পর এখন পরাজয়ের আতঙ্ক তাড়া করছে তৃণমূলকে। তাই তৃণমূলের সমর্থকেরা ইতিমধ্যে বামপন্থীদের বাড়িতে গিয়ে ভোটকেন্দ্রে না যাওয়ার হুমকি দিচ্ছে। হুমকি দিচ্ছে ভোটকেন্দ্রে এজেন্টকে ঢুকতে না দেওয়ার।