নবান্ন অভিযানে পুলিশের মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গ রাজ্য সচিবালয় নবান্ন মিছিলে পুলিশের মারধরের ঘটনায় পশ্চিমবঙ্গের রাজ্যপালের সঙ্গে দেখা করে নালিশ জানিয়েছেন বাম ও কংগ্রেস বিধায়কেরা।

আজ মঙ্গলবার বিধানসভায় প্রতিবাদ সমাবেশ শেষে রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজভবনে যান বাম ও কংগ্রেস বিধায়কেরা। সেখানে তাঁরা বাম কর্মী-সমর্থক ও সাংবাদিকদের ওপর পুলিশের নির্যাতনের নানা অভিযোগ তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এর আগে আজ এ ঘটনায় প্রতিবাদ দিবস পালন করে বিক্ষোভ করেছেন দেশটির বাম দল ও কংগ্রেস বিধায়কেরা। বাম-কংগ্রেস বিধায়কেরা বিধানসভা চত্বরেও প্রতিবাদ মিছিল করে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

গতকাল সোমবার রাজ্য সচিবালয় নবান্নের কাছে বাম দলের মিছিলে মারধর করে পুলিশ। এতে কলকাতার অন্তত ৫০ জন সাংবাদিকসহ হাজারখানেক বাম নেতা-কর্মী ও সমর্থক আহত হয়েছেন। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে কলকাতা পুলিশ। দোষী পুলিশ সদস্যদের খুঁজে বের করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশের যুগ্ম কমিশনার (সদর) সুপ্রতীম সরকার।

বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী দাবি করেন, গতকালের বাম মিছিলে পুলিশের মারধরে অন্তত এক হাজার বাম নেতা-কর্মী ও সমর্থক আহত হয়েছেন। এ ছাড়া কলকাতার ৫০ জন সাংবাদিকও আহত হয়েছেন। সাংবাদিক আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা করেছে কলকাতা প্রেসক্লাব।

এদিকে বাম দলের বিধানসভায় প্রতিবাদ কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বিধানসভায় নিন্দা প্রস্তাব এনেছেন তৃণমূলের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পরে ওই নিন্দা প্রস্তাব পাস হয়।