নয়াদিল্লিতে কৃষকের 'আত্মহত্যার' ঘটনার তদন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে দিল্লির শাসক দল আম আদমি পার্টির (এএপি) বিক্ষোভ সমাবেশে এক কৃষকের কথিত আত্মহত্যার বিষয়টি তদন্ত করছে পুলিশ। আজ বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গতকাল বুধবার রাজধানী নয়াদিল্লিতে এ ঘটনা ঘটে। 
রাজস্থানের দৌসা জেলা থেকে আসা ওই কৃষকের নাম গজেন্দ্র সিং রাঠোর (৪০)। এএপির বিক্ষোভ সমাবেশ চলার সময় একটি গাছে উঠে আত্মহত্যার হুমকি দিতে থাকেন তিনি। একপর্যায়ে সত্যি সত্যি গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়েন। এএপির স্বেচ্ছাসেবকেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ওই কৃষককে গাছে উঠতে কেউ উসকানি দিয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ছাড়া ঘটনাটি আত্মহত্যা না দুর্ঘটনা, এটাও তদন্ত করছে পুলিশ।
মৃত কৃষকের পকেটে একটি চিরকুট পাওয়া গেছে। এতে তাঁর জমির ফসল নষ্ট হয়ে যাওয়া ও মাথার ওপর ঋণের বোঝা থাকার কথা লেখা রয়েছে।
এএপির সমাবেশে কৃষকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ঘটনার পরও সমাবেশ চালিয়ে গেছে এএপি। সেখানে বক্তব্য দিয়েছেন এএপিপ্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ঘটনার জন্য পুলিশের ব্যর্থতাকে দায়ী করেছেন তিনি।
এ ঘটনার পেছনে বিজেপির চক্রান্ত রয়েছে বলে অভিযোগ এএপির। অন্যদিকে এ ঘটনায় এএপিকেই দায়ী করেছে রাজ্য বিজেপি।