নরেন্দ্র মোদির কাছে রাহুলের পাঁচ প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চেয়ে নেওয়া সময়ের মেয়াদ শেষের ঠিক দুদিন আগে তাঁর কাছে পাঁচটি প্রশ্নের উত্তর চাইলেন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী। সেসব প্রশ্নের উত্তর না দিয়ে শাসকদল বিজেপি পাল্টা প্রশ্ন করে জানতে চাইল, অগস্তা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার কেনাবেচায় কারা লাভবান হয়েছে, রাহুল, বরং তা আগে জানান।
গত মঙ্গলবার বিরোধীরা প্রধানমন্ত্রীর ইস্তফা দাবি করেছিল। গতকাল বুধবার দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দলীয় দপ্তরে সংবাদ সম্মেলন করে রাহুল পাঁচটি প্রশ্ন রাখেন। তিনি বলেন, ৫০ দিন পূর্ণ হতে আর মাত্র দুদিন বাকি। এখন মোদিজি মৌনতা ভেঙে অন্তত এই প্রশ্নগুলোর জবাব দেশবাসীকে দিন।
রাহুলের প্রথম প্রশ্ন, কালোটাকা উদ্ধারের জন্যই যদি এই সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে প্রধানমন্ত্রী জানান, নোট বাতিল করে তিনি মোট কত কালোটাকা উদ্ধার করলেন? দ্বিতীয় প্রশ্ন, এই সিদ্ধান্তের ফলে দেশের অর্থনীতির কতটা ক্ষতি হলো? রাহুলের তৃতীয় প্রশ্ন প্রাণহানিকে কেন্দ্র করে। তিনি জানতে চান, নোটবন্দীর দরুন দেশে কত লোকের মৃত্যু হয়েছে। যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে কি না। না দেওয়া হলে কেন তা দেওয়া হয়নি? চতুর্থ প্রশ্ন, কাদের পরামর্শে মোদি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তাদের নাম জানানো হোক। পঞ্চম ও শেষ প্রশ্ন, নোটবন্দীর সিদ্ধান্ত ঘোষণার দিন, অর্থাৎ চলতি বছরের ৮ নভেম্বরের আগে ব্যাংকে কারা কারা ২৫ লাখ রুপির বেশি জমা দিয়েছিলেন? রাহুল সেই তালিকা প্রকাশ করারও দাবি জানান।
শেষ দুটি প্রশ্ন পুরোপুরি রাজনৈতিক। বহুজন নেত্রী মায়াবতীও গত সোমবার এই দাবি করেন। তাঁর দল ও তাঁর ভাই ৮ নভেম্বরের পরে দিল্লির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় শতাধিক কোটি টাকা জমা দিয়েছেন বলে সরকারের দাবি। মায়াবতী বলেছেন, ওই টাকা দলের কর্মীদের দেওয়া চাঁদা। তাঁর দাবি, ৮ নভেম্বরের পর বিজেপি কত টাকা ব্যাংকে জমা দিয়েছে, তা জানানো হোক। রাহুল এক কদম এগিয়ে দাবি করেছেন, ৮ নভেম্বরের আগে বিজেপি কত টাকা জমা দিয়েছে, সেই তথ্য জানানো হোক। কংগ্রেসসহ বিরোধীদের দাবি, ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের খবর প্রধানমন্ত্রী আগেভাগেই দল ও ঘনিষ্ঠদের জানিয়ে দিয়েছিলেন। তাই ৮ নভেম্বরের আগেই বিজেপি বিভিন্ন রাজ্যে পুরোনো নোটের সদ্ব্যবহার করে ফেলে।
এই প্রশ্নগুলোর মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর ‘স্বৈরতন্ত্রী’ চরিত্রের প্রতিও রাহুল ইঙ্গিত করেছেন। নরেন্দ্র মোদি যে কারও পরামর্শ শোনেন না, যা কিছু সিদ্ধান্ত তিনি একাই নেন, চতুর্থ প্রশ্নটির মধ্যে রয়েছে তারই ইঙ্গিত। তবে বিজেপি রাহুলের তোলা প্রশ্ন ও দাবির ধারেকাছে দিয়েও হাঁটেনি। বরং রাহুলের উদ্দেশে তাদের দাবি, ইউপিএ আমলে হওয়া টুজি, কয়লা, কমনওয়েলথ ও অগস্তা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার ‘কেলেঙ্কারি’ থেকে কারা কারা লাভবান হয়েছেন, সেই তালিকা প্রকাশ করা হোক।