নরেন্দ্র মোদির বক্তব্যে খুশি উত্তর প্রদেশের মুসলিমরা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া বক্তব্যে উত্তর প্রদেশের মুসলিমদের ভেতরে আশার সঞ্চার হয়েছে। সম্প্রতি সিএনএনে এক সাক্ষাৎকারে মোদি ভারতীয় মুসলিমদের প্রশংসা করেন। খবর হিন্দুস্তান টাইমসের।
চার কোটি মুসলিম অধ্যুষিত উত্তর প্রদেশের মুসলিম নেতারা মনে করছেন, মোদি যদি মুসলিমদের সঙ্গে আলোচনার পথে আসেন, তবে বিজেপির প্রতি তাঁদের পুরোনো অবিশ্বাস কমতে পারে।
নরেন্দ্র মোদি গত সপ্তাহে সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, ভারতীয় মুসলিমরা দেশের জন্য জীবন দিতে পারে। তারা ভারতের জন্য বাঁচবে; ভারতের জন্যই প্রাণ দেবে।
অবশ্য ভারতের বিরোধী দল কংগ্রেস মনে করছে, যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার আগে সে দেশের মানুষকে খুশি করতেই মোদি এই বক্তব্য দিয়েছেন।
তবে উত্তর প্রদেশের মুসলিমরা মোদির ওই বক্তব্যের মধ্যে বিজেপির অবস্থানে বড় ধরনের পরিবর্তন খোঁজার চেষ্টা করেছেন। আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মোহিব-উল-হক বলেন, বড় দায়িত্ব পেয়ে মোদি বুঝতে পেরেছেন, তাঁকে সবাইকে নিয়েই চলতে হবে। তিনি অটল বিহারি বাজপেয়ির মতো সবার কাছে গ্রহণযোগ্য হতে চাইছেন।
মোহিব-উল-হক বলেন, প্রধানমন্ত্রী মোদি তাঁর কথামতো চললে বিজেপির প্রতি উষ্মা কমে যাবে।
লক্ষ্ণৌয়ের ইসলামি চিন্তাবিদ কালবি সাদিক বলেন, মোদি মুসলিমদের দেশপ্রেম নিয়ে যা বলেছেন, তাতে কম লোকই দ্বিমত পোষণ করবে।