নরেন্দ্র মোদির 'এক দেশ, এক নির্বাচন' নীতির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের চিঠি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘এক দেশ, এক নির্বাচন’ নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। গতকাল শনিবার দলের পক্ষ থেকে আইন কমিশনের কাছে লিখিতভাবে আপত্তি জানিয়েছেন তৃণমূলের সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
বিচারপতি বি এস চৌহানের নেতৃত্বে গড়া এই আইন কমিশন সাতটি জাতীয় রাজনৈতিক দল এবং ৪৯টি আঞ্চলিক দলকে এ ব্যাপারে তাঁদের মতামত জানানোর জন্য আমন্ত্রণ জানান। গতকাল তৃণমূল কংগ্রেস আইন কমিশনে উপস্থিত হয়ে তাদের মতামত জানায়। তৃণমূল কংগ্রেস তিন পাতার একটি চিঠিতে এই নীতির বিরোধিতা করে তাদের মতামত পেশ করে আইন কমিশনে।
তবে বিহারের মুখ্যমন্ত্রী ও জনতা দল (সংযুক্ত) নেতা নীতিশ কুমার ‘এক দেশ, এক নির্বাচন’-এর পক্ষে আগেই মতামত দিয়েছে। তিনি সাংবাদিকদের কাছে এই নীতির প্রশংসা করে বলেন, এই পরিকল্পনা ভালো। বারবার নির্বাচনের ফলে সাধারণ মানুষ ও সরকারের সময়ের অপচয় হয়। খরচও হয়। এর থেকে একসঙ্গে নির্বাচন হলে সময় এবং খরচ—দুই-ই বাঁচবে।
এর আগে ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দও কেন্দ্রীয় বাজেট অধিবেশনের ভাষণে একসঙ্গে লোকসভা ও রাজ্য বিধানসভার নির্বাচনের ওপর জোর দিয়েছিলেন।
ভারতের লোকসভার নির্বাচন হওয়ার কথা আগামী বছরের এপ্রিল-মে মাসে। বর্তমান মোদি সরকার ক্ষমতায় এসেছে ২০১৪ সালে। বিজেপি সরকার চাইছে নির্বাচনের খরচে রাশ টানতে। একসঙ্গে ভারতের লোকসভা এবং বিভিন্ন রাজ্যের বিধানসভার নির্বাচন একসঙ্গে সেরে নিতে। তবে এটা যে কঠিন, সেটা মোদি সরকারও জানে, বিরোধীরাও জানে। তবুও কেন্দ্রীয় সরকার চাইছে, বছরের শেষে কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনের সময়েই লোকসভা এবং বাকি সব রাজ্যের বিধানসভার নির্বাচন একসঙ্গে সেরে নিতে। এই লক্ষ্যে সরকার প্রয়োজনে নির্বাচন এগিয়ে আনতেও রাজি বলে জানা গেছে। সরকারের মতে, এতে বছরের বিভিন্ন সময়ে আর বিভিন্ন রাজ্যের নির্বাচন করতে অর্থ এবং সময় বাঁচবে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই প্রস্তাবে সায় দিচ্ছে না দেশের বিভিন্ন রাজনৈতিক দল। তবুও একসঙ্গে নির্বাচন করার লক্ষ্য থেকে এখনই সরে যাচ্ছে না কেন্দ্রীয় বিজেপি সরকার। তারা এখন এই লক্ষ্যে জনমত তৈরির কাজে নেমেছে। বিজেপির নেতৃত্বাধীন এনডিএর এক বৈঠকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, একসঙ্গে যাতে লোকসভা এবং বিভিন্ন রাজ্যের বিধানসভার ভোট করা যায়, তা নিয়ে এখনই এনডিএর শরিক দলের সাংসদদের এলাকায় গিয়ে জনমত তৈরি করতে হবে। যাতে মানুষ বোঝে, একসঙ্গে লোকসভা ও বিধানসভার ভোট করলে দেশের অর্থ খরচ কম হবে এবং সময়ও বাঁচবে।
এই নিয়েই গত ২২ জানুয়ারি ভারতের রাজধানী দিল্লিতে আইন ও বিচারসংক্রান্ত সংসদীয় কমিটি নির্বাচনী সংস্কার নিয়ে বৈঠকে বসে। বৈঠকে উপস্থিত তৃণমূলের দুই সাংসদ সুখেন্দু শেখর রায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই প্রস্তাবের বিরোধিতা করেন। তাঁরা প্রস্তাব দেন, খরচ কমাতে অনলাইনে ভোটের ব্যবস্থা করুক সরকার। প্রয়োজনে নির্বাচন কমিশন সরকারি-বেসরকারি টিভি চ্যানেল এবং সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া বন্ধসহ প্রচারের খরচ কমিয়ে দিক। আর এটা হলে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের জন্য বাড়তি তহবিল গড়তে হবে না। বন্ধ করা যাবে নির্বাচনী প্রচার নিয়ে রাজনৈতিক সংঘর্ষ, মারামারির ঘটনাও।
তবে মোদি সরকার হাল ছাড়ছে না এখনই। তারা দেশব্যাপী জনমত তৈরির কাজে নেমে পড়েছে ‘এক দেশ, এক নির্বাচন’ স্লোগান নিয়ে।