নাগরিক নিবন্ধন নিয়ে অশান্ত আসাম, মমতার বিরুদ্ধে চতুর্থ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসাম ইস্যুতে কলকাতায় প্রতিবাদ মিছিল করা হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করা হয়। ছবি: ভাস্কর মুখার্জি
আসাম ইস্যুতে কলকাতায় প্রতিবাদ মিছিল করা হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করা হয়। ছবি: ভাস্কর মুখার্জি

জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) ইস্যুতে জ্বলে ওঠা আসাম এখনো শান্ত হয়নি। রাজ্যজুড়ে চলছে আন্দোলন। এরই মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গতকাল শনিবার গুয়াহাটির গীতানগর থানায় চতুর্থ মামলা করেছে আসাম সরকার। এর আগে গত বৃহস্পতিবার মমতার বিরুদ্ধে তিনটি মামলা করা হয়।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে বলা হচ্ছে, আসামে এনআরসি নিয়ে বিতর্ক কেটে গেলে বিহার, ঝাড়খন্ড ও মহারাষ্ট্রে নাগরিক তালিকা তৈরির কাজ শুরু হতে পারে। আসাম ছিল কেন্দ্রীয় সরকারের একটি পাইলট প্রকল্প। এই প্রকল্পের সাফল্য এবং ব্যর্থতার দিক পর্যালোচনা করে কেন্দ্রীয় সরকার ওই তিন রাজ্যে কাজ করবে। ওই তিন রাজ্যে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিতাড়নের উদ্যোগ নেওয়া হতে পারে।

মমতার বিরুদ্ধে করা চতুর্থ মামলায় অভিযোগ আনা হয়েছে, মমতা উসকানিমূলক মন্তব্য করেছেন। রাজধানী নয়াদিল্লিতে ক্যাথলিক বিশপদের একটি আলোচনাচক্রে যোগ দিয়ে মমতা বলেছেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে নাগরিক নিবন্ধন বা এনআরসি তৈরি করা হয়েছে। এটা আমরা চলতে দিতে পারি না। আজ মানুষের বিভাজন সৃষ্টি করেছে বিজেপি। এটা সহ্য করা যায় না। এর ফলে দেশে গৃহযুদ্ধ লাগতে পারে। বইতে পারে রক্তগঙ্গা।’ অভিযোগে বলা হয়, মমতার এই মন্তব্যের জেরে আসামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে। অবনতি হতে পারে আইনশৃঙ্খলার। বিশেষ করে ‘গৃহযুদ্ধ’ এবং ‘রক্তগঙ্গা’ শব্দ দুটোর ওপর জোর দেওয়া হয়েছে অভিযোগে।

আসামের এনআরসি তালিকা প্রকাশের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচণ্ড খেপে যায় আসামের বিজেপি সরকার। আসামের এই রাজ্য সরকার এখন বিজেপির নিয়ন্ত্রণাধীন। ফলে মমতার ভূমিকায় ক্ষুব্ধ কেন্দ্রীয় সরকার এবার আসাম ছাড়াও ভারতের আরও কয়েকটি রাজ্যে এনআরসির মাধ্যমে তালিকা তৈরির উদ্যোগ নিতে পারে, এমন আভাস পাওয়া যাচ্ছে সংবাদমাধ্যমে।

গত সোমবার আসামে এনআরসির তালিকা প্রকাশের দিন পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গেও এনআরসির মাধ্যমে নাগরিক তালিকা তৈরির উদ্যোগ নেবে। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহও ইঙ্গিত দিয়েছিলেন, এনআরসি পশ্চিমবঙ্গেও হতে পারে। যদিও এ ব্যাপারে এখনো মুখ খোলেনি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আসামে এনআরসি নিয়ে বিতর্ক কেটে গেলে বিহার, ঝাড়খন্ড ও মহারাষ্ট্রে এনআরসির মাধ্যমে নাগরিক তালিকা তৈরির কাজ শুরু হতে পারে। আসাম ছিল কেন্দ্রীয় সরকারের একটি পাইলট প্রকল্প। এই প্রকল্পের সাফল্য ও ব্যর্থতার দিক পর্যালোচনা করে কেন্দ্রীয় সরকার পরবর্তী সময়ে দেশের আরও কয়েকটি রাজ্যে এনআরসির মাধ্যমে নাগরিক তালিকা প্রণয়নের কাজ হাতে নিতে পারে। বিশেষ করে দেশের বিভিন্ন রাজ্যে অনুপ্রবেশকারী বিদেশিদের চিহ্নিতকরণের উদ্যোগ নিতে পারে। ঝাড়খন্ড ও মহারাষ্ট্রে ক্ষমতায় বিজেপি। বিহারে বিজেপি এবং নিতীশ কুমারের সংযুক্ত জনতা দলের জোট। এই তিন রাজ্যেই রয়েছে প্রচুর অনুপ্রবেশকারী। এদের বিতাড়নের জন্য তাই উদ্যোগ নেওয়া হতে পারে।

ত্রিপুরায় এনআরসি চাইছে জোট সরকারের শরিক
ত্রিপুরা রাজ্যে বিজেপি জোট সরকারের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব কয়েক দিন আগে বলেছিলেন, তাঁর রাজ্যে এনআরসি তৈরির দরকার নেই। কারণ, ত্রিপুরায় সবার বৈধ কাগজপত্র রয়েছে। কিন্তু এটা মানতে চাইছে না ত্রিপুরা সরকারের জোটসঙ্গী ‘পিপলস ফ্রন্ট অব ত্রিপুরা’ বা আইপিএফটির নেতৃবৃন্দ। আইপিএফটি জানিয়েছে, আসাম ও ত্রিপুরার জনসংখ্যার বিন্যাস মোটামুটি এক। তাই এখানেও এনআরসির মাধ্যমে নাগরিক তালিকা তৈরি করা প্রয়োজন।

‘বাংলাদেশি অনুপ্রবেশকারীর’ সংখ্যা কমেছে
সরকারি হিসাবে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ উল্লেখ করে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর সংখ্যা কমেছে বলে জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুসারে, ২০১৪ সালে মোদি সরকার ক্ষমতায় আসার আগে ২০১৩ সালে ভারত থেকে ৫ হাজার ২৩৪ জন ‘বাংলাদেশি অনুপ্রবেশকারীকে’ বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছিল। আর গত বছর সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ৫১ জনে। ২০১৪ সালে এই সংখ্যা ছিল ৯৮৯, ২০১৫ সালে ৪৭৪ এবং ২০১৬ সালে ৩০৮ জন।

‘কালা দিবস’ কর্মসূচি
আসামের এনআরসি তালিকা থেকে ৪০ লাখ বাঙালির নাম বাদ দেওয়া, আসামে পুলিশের হাতে কলকাতার তৃণমূলের আটজন জনপ্রতিনিধি হেনস্তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের ডাকে গতকাল শনিবার থেকে পালিত হচ্ছে ‘কালা দিবস’। রাজ্যের সর্বত্র এই নিয়ে প্রতিবাদ মিছিলে তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকেরা বুকে কালো ব্যাজ, মুখে কালো কাপড় বেঁধে রাস্তায় নেমেছে। স্লোগান তুলেছে, ‘এই দানবিক সরকার, আর নেই দরকার’। এই প্রতিবাদ আন্দোলন চলবে আজ রোববার পর্যন্ত।