নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে ভারতে কাল ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামীকাল বুধবার ধর্মঘটের সমর্থনে বাম দলের মিছিল। ছবি: ভাস্কর মুখার্জি
আগামীকাল বুধবার ধর্মঘটের সমর্থনে বাম দলের মিছিল। ছবি: ভাস্কর মুখার্জি

ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি ) বাতিলসহ ১৬ দফা দাবিতে আগামীকাল বুধবার সারা ভারতে ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ভারতের ১০টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন। এই ধর্মঘটে সমর্থন দিয়েছে পশ্চিমবঙ্গের ১৭টি বাম দলসহ ৬০টি বামপন্থী ছাত্রসংগঠন, ১৭৫টি শ্রমিক সংগঠন। ধর্মঘট সফল করতে দেশজুড়ে বিরোধী দলের প্রচারণা তুঙ্গে।

তবে কংগ্রেস এবং বাম দল তৃণমূলকে এই ধর্মঘটে শামিল হওয়ার আবেদন জানালেও তাতে সায় দেননি তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ধর্মঘটের ইস্যুকে সমর্থন করলেও তৃণমূল ধর্মঘট সমর্থন করে না।

মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতাকে বরখাস্তের দাবিতে মামলা

মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর পদ থেকে বরখাস্তের দাবিতে দক্ষিণ ভারতের সাংবাদিক ভারাকি ভারতের সুপ্রিম কোর্টে একটি মামলা করেছেন। গতকাল সোমবার এই মামলা করা হয়। আবেদনে তিনি বলেন, ‘মাননীয় সুপ্রিম কোর্ট মমতাকে সংবিধানবিরোধী কাজের জন্য অবিলম্বে বরখাস্ত করার নির্দেশ দিক।’ তিনি বলেন, মমতা দেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্বকে বিশ্বাস করেন না। যে শপথ নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর আসনে বসেছিলেন, এই বক্তব্যের ফলে সেই শপথবাক্য তিনি ভেঙেছেন। তাই দাবি, মুখ্যমন্ত্রীর পদ থেকে তাঁকে অপসারণের নির্দেশ দেওয়া হোক ।

প্রথম থেকেই সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করছেন মমতা। অবিলম্বে এই আইন বাতিলেরও দাবি তোলেন তিনি। গত ১৯ ডিসেম্বর মমতা বলেছিলেন, ‘যদি বিজেপির সাহস থাকে, তাহলে জাতিসংঘের তদারকিতে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে গণভোট করে দেখাক। এই ভোটে যদি শাসকদল হেরে যায় তবে বিজেপি সরকার থেকে সরে যাক।’ ওই দিন মমতা প্রধানমন্ত্রী মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উদ্দেশে বলেন, ‘আপনাদের সংখ্যাগরিষ্ঠতা আছে বলে যা খুশি করতে পারেন না। সবাইকে আপনারা ভয় দেখিয়ে রেখেছেন।’

পরে অবশ্য নিজের ওই মন্তব্যের বিষয়ে মমতা বলেন, তিনি গণভোটের কথা বলেননি। বলেছিলেন জরিপের কথা।