নাগরিকত্ব আইনে কারও ক্ষতি হয়নি: বিজেপি নেতা

পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ বলেছেন, ‘রাজ্যে এখন যে হিংসা চলছে, সেটা এক প্রকার রাষ্ট্রদ্রোহ। অথচ এই হিংসার কোনো কারণ নেই। নাগরিকত্ব আইনে কারও ক্ষতি হয়নি। তাই বাংলার মানুষকে বলব, আপনারা সাবধান হোন।’
গতকাল বুধবার নদীয়া জেলার দেবগ্রামে ভাঙচুর হওয়া দলীয় কার্যালয় পরিদর্শন করতে গিয়ে দিলীপ ঘোষ এমন মন্তব্য করেন।
দিলীপ ঘোষ বলেন, ‘কারও অধিকার ছিনিয়ে নেওয়া হয়নি। মূলত যাঁরা উদ্বাস্তু মানুষ, যাঁরা বাধ্য হয়ে এ দেশে এসেছেন, সেই সব উদ্বাস্তু ও আশ্রিত মানুষকে দেওয়া হবে নাগরিকত্ব। এতে কারও আপত্তি থাকতে পারে না। তাই সংশোধিত এই নাগরিকত্ব আইনের যাঁরা বিরোধিতা করছেন, তাঁরা এটা করছেন ভোটের স্বার্থে।’
নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) নিয়ে উত্তাল রয়েছে কলকাতাসহ পশ্চিমবঙ্গ। তৃণমূলের নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যজুড়ে এই সিএএ ও এনআরসিবিরোধী তীব্র আন্দোলন গড়ে তুলেছেন। ছয় দিন ধরে তাঁর নেতৃত্বে মিছিল বের হয়। এমন অবস্থায় মমতার বিরুদ্ধে এমন অভিযোগ তুললেন দিলীপ ঘোষ।
বর্তমান পরিস্থিতির জন্য মমতাকে দায়ী করে দিলীপ ঘোষ বলেন, ‘এ জন্য রাজ্য সরকার পুরোপুরি দায়ী। যারা এটা করতে দিয়েছে কদিন ধরে। তারা পূর্বপরিকল্পিতভাবে আন্দোলন করে রেলের রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করেছে। তাদের কঠিন হাতে দমন করা উচিত। কিন্তু পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার তা করছে না। উল্টে তাদের বাড়তে দিচ্ছে। কারণ তৃণমূলের ভোটব্যাংক বাড়াতে হবে।’
রাজ্যে আটক ১০০০
পশ্চিমবঙ্গে চলা সিএএ ও এনআরসিবিরোধী আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, এমন সন্দেহে রাজ্য পুলিশ গত ৬ দিনে গতকাল বুধবার পর্যন্ত এক হাজার মানুষকে আটক করেছে। গতকাল রাজ্য সচিবালয় নবান্ন থেকে এ কথা জানানো হয়েছে।
এর আগে গত মঙ্গলবার মুখ্যমন্ত্রী ৭০০ জনকে আটকের কথা জানান। বুধবার নবান্ন জানায় সেই সংখ্যা বেড়ে এক হাজার হয়েছে। রাজ্যের ৬টি জেলায় সিএএ ও এনআরসি নিয়ে আন্দোলনের শক্তি কিছুটা কমে গেলেও এখনো ওই সব জেলায় চালু করা হয়নি ইন্টারনেট পরিষেবা।