নাগরিকত্ব আইনের পক্ষে বলায় দল থেকে বিধায়ককে বহিষ্কার করলেন মায়াবতী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাগরিকত্ব আইন সমর্থন করায় নিজ দল থেকে নির্বাচিত বিধানসভা সদস্যকে বহিষ্কার করেছেন বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী। ছবি: এএফপি
নাগরিকত্ব আইন সমর্থন করায় নিজ দল থেকে নির্বাচিত বিধানসভা সদস্যকে বহিষ্কার করেছেন বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী। ছবি: এএফপি

শুরু থেকেই সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরোধিতা করে আসছেন বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী। কিন্তু তাঁর দল থেকে নির্বাচিত এক বিধানসভা সদস্য এই আইন পাস করায় প্রকাশ্যে মোদি সরকারের প্রশংসা করেছেন। এই কাজের মাশুলও গুনতে হয়েছে ওই সদস্যকে। শৃঙ্খলাভঙ্গের কারণে তাঁকে দল থেকে বহিষ্কার করেছেন মায়াবতী।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রদেশের পাথারিয়াতে নিজ আসন ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিএসপি থেকে নির্বাচিত বিধানসভা সদস্য রামাবাই পরিহার। কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির নেতা প্রহ্লাদ প্যাটেলও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভাষণ দিতে উঠে তাঁর সামনেই রামাবাই নতুন নাগরিকত্ব আইনের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘সিএএ পাস করায় আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ ও প্রহ্লাদ প্যাটেলকে অভিনন্দন জানাই। এটি দারুণ এক সিদ্ধান্ত, যা আরও অনেক আগেই নেওয়া উচিত ছিল। কিন্তু আগে যারা ক্ষমতায় ছিলেন তারা এই সিদ্ধান্ত নেওয়ার মতো যোগ্য ছিলেন না। আমি এবং আমার পরিবার সিএএকে সমর্থন জানাই।’

স্বাভাবিকভাবেই নিজ দলের সদস্যের এমন মন্তব্য ভালোভাবে নেননি মায়াবতী। রোববার সকালে এক টুইট বার্তায় রামাবাইকে দল থেকে বহিষ্কারের কথা জানিয়ে দেন ৬৩ বছর বয়সী এই রাজনীতিবিদ, ‘বিএসপি শৃঙ্খলা মেনে চলে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়, হোক সে বিধানসভা কিংবা লোকসভার সদস্য। সংশোধিত নাগরিকত্ব আইনকে সমর্থন করায় রামাবাই পরিহারকে দল থেকে বহিষ্কার করা হলো। দলীয় কোনো অনুষ্ঠানেও যোগ দিতে পারবেন না তিনি।’

কেন এই সিদ্ধান্ত, আরেকটি টুইট বার্তায় সেটিও পরিষ্কার করেছেন মায়াবতী, ‘বিএসপিই সর্বপ্রথম বলেছিল, সিএএ ভারতের সংবিধানবিরোধী। পার্লামেন্টে আমরা বিলের বিরুদ্ধে ভোট দিয়েছিলাম, এই আইন পাস না করতে রাষ্ট্রপতিকে আহ্বানও জানিয়েছিলাম। দলের এমন নীতিগত অবস্থান সত্ত্বেও রামাবাই এই আইনের পক্ষে সাফাই গেয়েছেন।’ এর আগেও দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়ায় রামাবাইকে বেশ কয়েকবার সতর্ক করা হয়েছিল বলে জানান মায়াবতী।

এদিকে রামাবাইয়ের এমন মন্তব্যকে স্বাগতকে জানিয়েছে বিজেপি। দলটির মুখপাত্র রজনীশ আগরওয়াল বলেছেন, ‘রামাবাই পরিহারের এমন সাহসী মন্তব্যকে বিজেপি স্বাগত জানায়। মধ্যপ্রদেশের অনেক ক্ষমতাসীন নেতাই এটা বিশ্বাস করেন, সিএএ ভারতের ভালোর জন্যই করা হয়েছে। কিন্তু তাঁরা দলের চাপে সেটা প্রকাশ করতে পারেন না। হয়তো তাঁরাও এখন সাহস করে নিজেদের মত প্রকাশ করবেন।’