নাগরিকত্ব আইনের প্রতিবাদ করায় দেশে পাঠানো হলো জার্মান শিক্ষার্থীকে

নতুন নাগরিকত্ব আইনের (সিএএ) প্রতিবাদে উত্তাল ভারতের ছাত্রসমাজ। সহপাঠীদের বিক্ষুব্ধ হতে দেখে চুপ করে বসে থাকতে পারেননি মাদ্রাজের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (আইআইটি) জার্মান শিক্ষার্থী জ্যাকব লিন্ডেনথাল। নিজ ক্যাম্পাসে বিক্ষোভে অংশগ্রহণ করেছিলেন তিনিও। তবে এটি যে তাঁর জন্য কাল হয়ে দাঁড়াবে, সেটি হয়তো আঁচ করতে পারেননি জ্যাকব। বিক্ষোভে অংশ নেওয়ার কারণে তাঁকে বিশ্ববিদ্যালয় থেকে নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে পৌঁছেছেন জ্যাকব। গত সোমবার তাঁকে জোরপূর্বক দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। ভারত ছাড়ার পর জ্যাকব ফেসবুকে লিখেছেন, সিএএ ও এনআরসিসংক্রান্ত এই বিক্ষোভই প্রমাণ করে, আইন তৈরি করতে হলে অসংখ্য সচেতন চোখ ও বলিষ্ঠ কণ্ঠস্বরের সমর্থনের দরকার রয়েছে।
জ্যাকব আইআইটি মাদ্রাজে পদার্থবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে জ্যাকব বলেছেন, চেন্নাইয়ের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস থেকে তাঁকে মৌখিকভাবে ভারত ছাড়ার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়। প্রশাসনিক কর্মকর্তারা তাঁকে বলেন, বিক্ষোভে অংশ নিয়ে তিনি ভিসায় উল্লিখিত শর্ত ভঙ্গ করেছেন। এ কারণে তাঁকে দ্রুত ভারত ছাড়তে হবে।
ফেসবুক পোস্টে জ্যাকব লিখেছেন, ‘বুধবার সকালে আমি আমস্টারডামে পৌঁছেছি। শিগগিরই নুরেমবার্গে পরিবারের কাছে ফিরব। যাঁরা আমাকে বার্তা পাঠিয়েছেন কিংবা আইনি পরামর্শ দিয়েছেন, সবাইকে ধন্যবাদ। ভারত ছাড়ার উড়োজাহাজ এক দিন দেরি করার পরে আমাকে আশ্রয় দেওয়ার জন্যও ধন্যবাদ। দেখা যাক, কোথাকার জল শেষ পর্যন্ত কোথায় গড়ায়।’
গত সপ্তাহে ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হওয়া বেশ কয়েকটি ছবিতে দেখা যায়, ২৪ বছর বয়সী জ্যাকব প্ল্যাকার্ড হাতে বিভিন্ন বিক্ষোভে অংশ নিয়েছেন। একটি প্ল্যাকার্ডে লেখা, ‘ইউনিফর্ম পরা অপরাধী=অপরাধী’। আরেকটি প্ল্যাকার্ডে লেখা, ‘১৯৩৩-১৯৪৫, আমরা আবার সেই সময়ে ফিরে গেছি।’ মূলত ইউনিফর্ম পরা অপরাধী বলতে তিনি বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়ানো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের বুঝিয়েছেন। আর দ্বিতীয় প্ল্যাকার্ডের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে নাৎসি বাহিনীর অত্যাচারের কথা বুঝিয়েছেন।
তবে নিজে দেশে ফিরে গেলেও বিক্ষোভে অংশ নেওয়া সহপাঠীদের শুভকামনা জানিয়েছেন জ্যাকব। তিনি বলেন, ‘ভারতজুড়ে যাঁরা সিএএ ও এনআরসির বিরুদ্ধে আন্দোলন করছেন, তাঁদের সবার জন্য শ্রদ্ধা ও ভালোবাসা। নিরাপত্তাজনিত কারণে যারা সরাসরি বিক্ষোভে অংশ নিতে পারছেন না, কিন্তু বিক্ষোভকারীদের সমর্থন করছেন, তাঁদের প্রতিও আমার শ্রদ্ধা রইল। আমি কোনো না কোনোভাবে আপনাদের সঙ্গেই থাকব। সবাই নিরাপদে থাকবেন।’
এদিকে জ্যাকবকে জোরপূর্বক দেশে ফেরত পাঠানোর এই ঘটনাকে ‘ইতিহাসের কালো অধ্যায়ের পুনরাবৃত্তি’ বলে উল্লেখ করেছেন কংগ্রেসের সিনিয়র নেতা পি চিদাম্বরম।
সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে সপ্তাহ দুয়েক ধরেই পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশসহ ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ চলছে। এরই মধ্যে পুলিশের সঙ্গে সংঘর্ষে কেবল উত্তর প্রদেশেই অন্তত ১৭ জন নিহত হয়েছেন।