নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে উত্তাল কলকাতা ও হাওড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) বাতিলের দাবিতে রোববারও উত্তাল হয়ে ওঠে কলকাতা ও হাওড়া। ছবিটি রানি রাসমণি অ্যাভিনিউয়ে জমিয়তে ওলামায়ে হিন্দ আয়োজিত প্রতিবাদ সভার। ছবি: ভাস্কর মুখার্জি
ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) বাতিলের দাবিতে রোববারও উত্তাল হয়ে ওঠে কলকাতা ও হাওড়া। ছবিটি রানি রাসমণি অ্যাভিনিউয়ে জমিয়তে ওলামায়ে হিন্দ আয়োজিত প্রতিবাদ সভার। ছবি: ভাস্কর মুখার্জি

ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) বাতিলের দাবিতে আজ রোববারও উত্তাল হয়ে ওঠে কলকাতা ও হাওড়া। প্রতিবাদী মিছিলে দাবি ওঠে অবিলম্বে বাতিল করতে হবে এই সিএএ-এনআরসি। বলা হয়, এই বাংলায় কার্যকর হবে না এই আইন। কারণ, বাংলার মানুষ সিএএ ও এনআরসি চায় না।

হাওড়ার শিবপুর ও পাঁচলায় এবং হুগলির উলবেড়িয়ায় সিএএ-এনআরসির বাতিলের দাবিতে বাম দলের উদ্যোগে আজ তিনটি পৃথক প্রতিবাদ মিছিল ও সমাবেশ হয়। পাঁচলার প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, শিবপুরের প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন সিপিএমের সাবেক সাংসদ ও কেন্দ্রীয় নেতা মহম্মদ সেলিম এবং হাওড়ার উলবেড়িয়ায় প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। প্রতিবাদ মিছিল থেকে আওয়াজ ওঠে, এই বাংলায় কার্যকর করতে দেওয়া হবে না সিএএ-এনআরসি। যেকোনো মূল্যে প্রতিহত করা হবে এই আইন। এই আইন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বাম দল।

কলকাতার কেন্দ্রস্থল ধর্মতলার রানি রাসমণি অ্যাভিনিউতে সিএএ-এনআরসি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ করে সিদ্দিকুল্লা চৌধুরীর জমিয়তে ওলামায়ে হিন্দ। সিদ্দিকুল্লা চৌধুরী তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকারের শরিক এবং একজন মন্ত্রী। তাঁরাও আজ বিরাট সমাবেশ থেকে অবিলম্বে সিএএ-এনআরসি বাতিলের দাবি তোলেন। নেতারা বলেন, এই আইনের নামে সাম্প্রদায়িক বিভাজন মানবেন না তাঁরা।

এদিকে আজ বিজেপিও হুগলির উত্তরপাড়ায় সিএএ ও এনআরসির সমর্থনে এক মিছিল বের করে। পরে সেই মিছিল আটকে দেয় হাওড়ার পুলিশ। এই মিছিলটি উত্তরপাড়া কলেজ থেকে কোন্নগড় পর্যন্ত যাওয়ার কথা থাকলেও কলেজের কাছেই আটকে দেয় পুলিশ। এ সময় বিজেপির কর্মী-সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের। এরপরই বিজেপির কর্মী-সমর্থকেরা অবরোধ করেন জিটি রোড।

উত্তর প্রদেশে সিএএ ও এনআরসিবিরোধী আন্দোলনের প্রতি একাত্মতা ঘোষণা এবং সহিংসতায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ পশ্চিমবঙ্গের তৃণমূলের চার সদস্যের একটি প্রতিনিধিদল লক্ষ্ণৌ পৌঁছায়। তবে উত্তর প্রদেশ পুলিশ তাদের বিমানবন্দর থেকে বের হতে দেয়নি। উত্তর প্রদেশ পুলিশ বলেছে, লক্ষ্ণৌতে ১৪৪ ধারা জারি থাকায় তাদের বের হতে দেওয়া হয়নি। এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন তৃণমূলের সাবেক সাংসদ ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদী। প্রতিনিধিদলে আরও রয়েছেন সাংসদ প্রতিমা মণ্ডল, আবির রায় ও নাদিমুল হক।