নাগরিকত্বের প্রশ্নে বিজেপির 'হিন্দুত্ব' লাইনের বিরোধিতা আসামে

‘বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী’ হিন্দুদের আসামে নাগরিকত্ব দিতে চায় বিজেপি। বারবার বিজেপির নেতা-মন্ত্রীরা এমন কথা বললেও এর পেছনে গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে কংগ্রেস। এমনকি, বিজেপির শরিক দল অসম গণ পরিষদও (অগপ) এমন ‘হিন্দুত্বের’ ফর্মুলা মানতে নারাজ।
৩০ জুলাই প্রকাশিত হচ্ছে আসামের জাতীয় নাগরিক পঞ্জীকরণ (এনআরসি)-এর চূড়ান্ত খসড়া তালিকা। ‘খিলঞ্জিয়া’ (ভূমিপুত্র) অসমিয়াদের প্রতি বিজেপির ‘নরম’ মনোভাবে আতঙ্কিত রাজ্যের ভাষীক ও ধর্মীয় সংখ্যালঘুরা। চলছে বাঙালিদের মধ্যে হিন্দু-মুসলিম বিভেদ টানার মরিয়া চেষ্টায়ও।
এই অবস্থায় মুঠোফোনে প্রথম আলোকে আসামের বিজেপি বিধায়ক শিলাদিত্য দেব বলেন, ভারতীয় নাগরিকদের সকলের নামই এনআরসিতে থাকুক সেটাই তিনি চান। এমনকি, হিন্দু অনুপ্রবেশকারীদের নিয়ে তাঁর কোনো আপত্তি নেই। তবে ‘বাংলাদেশি মুসলিমদের’ আসাম থেকে বিতাড়িত করার দাবি তোলেন তিনি।
শিলাদিত্যের মতে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে আসা হিন্দুরা ভারতে থাকতেই পারেন। কিন্তু মুসলিমরা নন। কারণ হিসেবে তিনি বলেন, ‘মুসলিমদের বসবাস করতে দিলে আরেকটা পাকিস্তান হয়ে যাবে। দেশের নিরাপত্তার ক্ষেত্রে চরম ক্ষতিকারক হবে।’
তবে বিজেপির এই তথ্য মানতে নারাজ তাঁদের জোট শরিক অগপ। রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী তথা অগপ নেতা প্রফুল্ল কুমার মহন্ত মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আসাম চুক্তি মেনেই বিদেশি বিতরণ করতে হবে। তা ছাড়া বাংলাদেশ তো বলেই দিয়েছে, কোনো হিন্দু অনুপ্রবেশকারী নেই।’ তিনি মনে করেন, নাগরিকত্ব নিয়ে জাতের বিচার ভারতীয় সংবিধান বিরোধী।
কংগ্রেসও বিজেপির এই ‘হিন্দুত্ব’ লাইনের বিরোধিতা করছে। রাজ্যের বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া প্রথম আলোকে বলেন, ‘হিন্দুত্ব লাইন-টাইন নয়। বিজেপি বরং গভীর ষড়যন্ত্রে লিপ্ত। রাজ্যে বাঙালি অসমিয়া বিরোধ বাধানোর চেষ্টা চলছে।’
সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী তথা বাঙালি অধ্যুষিত বরাক উপত্যকার সাংসদ সুস্মিতা দেবও বিজেপির কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘হিন্দুত্বের কথা বলে বিজেপি বাঙালি হিন্দুদের মন জয়ের চেষ্টা করছে। সবটাই ভাঁওতা। হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের বাঙালিরই আজ অস্তিত্বের সংকট দেখা দিয়েছে।’
নাগরিকত্ব নিয়ে চাপান-উতোরের মধ্যেই চলছে ৩০ জুলাইয়ের প্রতীক্ষা। প্রথম দফায় প্রায় ৭০ শতাংশ বাঙালি নিজেদের নাম তুলতে ব্যর্থ হয়েছেন। এখন চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশের পরই শুরু হবে রাজ্য রাজনীতির নতুন অধ্যায়।
টান টান উত্তেজনা গোটা আসামে। নেওয়া হয়েছে অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থা। প্রতিবেশী পশ্চিমবঙ্গ, মেঘালয় ও নাগাল্যান্ডও আসাম সীমান্তে নজরদারি বাড়িয়েছে।