নাগাল্যান্ডে অস্থিরতা আরও বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডে রাজনৈতিক অস্থিরতা আরও তীব্র আকার নিয়েছে। মুখ্যমন্ত্রী সুরোজিলি লিজিয়েতসু তাঁর মন্ত্রিসভার চার মন্ত্রীকে গতকাল রোববার বরখাস্তের ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে ১০ বিধায়ককেও বহিষ্কার করা হয়েছে দল থেকে।

পরিবারতন্ত্রের অভিযোগ তুলে বিজেপি-সমর্থিত ডেমোক্রেটিক অ্যালায়েন্স অব নাগাল্যান্ড (ড্যান) সরকারের সংকট দিন দিন বেড়েই চলেছে। ৬০ সদস্যের নাগাল্যান্ড বিধানসভার বর্তমানে সদস্যসংখ্যা ৫৯। এর মধ্যে ৪৭ জনই ড্যানের প্রধান শরিক নাগাল্যান্ড পিপলস ফ্রন্টের (এনপিএফ) সদস্য। বিজেপির সদস্যসংখ্যা ৪। বাকি ৮ জনই নির্দলীয়। কিন্তু লিজিয়েতসু পরিবারের বিরুদ্ধে সরব এনপিএফের বেশির ভাগ সদস্যই। সমঝোতার পথে না গিয়ে গতকাল ৪ মন্ত্রী ও ১০ বিধায়ককে বরখাস্তের সিদ্ধান্ত ঘোষণায় পরিস্থিতি আরও জটিল হলো।

সাবেক মুখ্যমন্ত্রী তথা এনপিএফের অপর নেতা টিআর জেলিয়াংয়ের নেতৃত্বে বিক্ষুব্ধ বিধায়কেরা বর্তমানে আসামের কাজিরাঙা অভয়ারণ্যের অতিথিনিবাসে ঘাঁটি গেড়েছেন। গতকাল সেখান থেকেই জেইলিং সাংবাদিকদের জানিয়েছেন, লিজিয়েতসুর পরিবারতন্ত্রকে কিছুতেই মানতে নারাজ বেশির ভাগ বিধায়ক।

ঘটনার সূত্রপাত মুখ্যমন্ত্রী লিজিয়েতসু তাঁর ছেলে খিরেহুকে উপদেষ্টা নিয়োগ করাকে কেন্দ্র করে। সম্প্রতি নিজের ছেলেকে পূর্ণ মন্ত্রীর মর্যাদা দিয়ে উপদেষ্টা নিয়োগ করেছেন মুখ্যমন্ত্রী লিজিয়েতসু। এর আগে অবশ্য বাবাকে বিধানসভা সদস্য নির্বাচিত করার জন্য খিরেহু নর্থান অঙ্গামি-১ আসন থেকে ইস্তফা দেন। সেই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে লড়াই করছেন লিজিয়েতসু। ২৯ জুলাই সেখানে ভোট। এর আগেই দলীয় বিধায়কদের বিদ্রোহে বেশ বিপাকে লিজিয়েতসু।

রাজ্যের রাজধানী কোহিমা থেকে এক প্রেস বার্তায় শনিবার লিজিয়েতসু দাবি করেছিলেন, পুরোটাই এনপিএফের ঘরোয়া বিষয়। শিগগিরই তাঁরা নিজেরাই বিষয়টি কাটিয়ে উঠবেন। তবে এই গোলমালের জেরে সরকারি কাজকর্ম যাতে বিঘ্নিত না হয়, সেদিকেও লক্ষ রাখার অনুরোধ জানান তিনি।

কিন্তু এক দিন পর গতকাল বিকেলেই সরকারি ঘোষণাপত্রে দলবিরোধী কাজের জন্য রাজ্যের স্বরাষ্ট্র, পরিষদীয়, বন ও পরিবেশ এবং বিদ্যুৎমন্ত্রীকে বরখাস্তের সিদ্ধান্ত ঘোষিত হয়। একই সঙ্গে বিক্ষুব্ধদের দল থেকেও বহিষ্কারের কথা ঘোষণা করেন লিজিয়েতসু। আর এতেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

প্রসঙ্গত, পুর নির্বাচনে নারীদের অংশগ্রহণ নিয়ে বিতর্কের জেরে জেইলাংকে চলতি বছরের ফেব্রুয়ারিতেই বিদায় নিতে হয়। উপজাতিদের চাপে মুখ্যমন্ত্রীর আসনে বসেন লিজিয়েতসু। ছয় মাসের মধ্যেই ফের পালাবদলের হাওয়ায় টালমাটাল নাগাল্যান্ড। এবার জেইলিংয়ের পাশে এসে দাঁড়িয়েছেন রাজ্য রাজনীতিতে তাঁর বিরোধী বলে পরিচিত তিন তিনবারের সাবেক মুখ্যমন্ত্রী নেফু রিও। বর্তমান সাংসদ রিওর ভেল্কিতে লিজিয়েতসুর বিদায় সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল।