নাগাল্যান্ডে সরকারের পতন, নতুন মুখ্যমন্ত্রী জেলিয়াং

বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হওয়ায় ভারতের নাগাল্যান্ডে সরকারের পতন ঘটেছে। রাজ্যপাল পি বি আচার্য গতকাল বুধবার নাগাল্যান্ড বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী সুরহোঝেলি লিঝিৎসুকে। কিন্তু সুরহোঝেলি এবং তাঁর সমর্থক বিধায়কেরা গতকাল বিধানসভায় না যাওয়ায় অধিবেশন মুলতবি হয়ে যায়। ফলে পতন ঘটে মন্ত্রিসভার। সাবেক মুখ্যমন্ত্রী টি আর জেলিয়াংকে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন রাজ্যপাল।
চলতি বছরের ফেব্রুয়ারিতে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী পদে বসেছিলেন সুরহোঝেলি লিঝিৎসু। পূর্ববর্তী মুখ্যমন্ত্রী টি আর জেলিয়াং প্রবল উপজাতি বিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। তারপরই লিঝিৎসু মুখ্যমন্ত্রী হন। কিন্তু কয়েক মাস কাটতে না কাটতেই শাসক দল নাগাল্যান্ড পিপলস ফ্রন্টের (এনপিএফ) অধিকাংশ বিধায়ক শিবির বদল করেন এবং জেলিয়াংকে মুখ্যমন্ত্রী পদে ফেরানোর দাবি তুলতে থাকেন।
৬০ সদস্যের নাগাল্যান্ড বিধানসভায় ৪১ জন সদস্যই তাঁর সঙ্গে রয়েছেন বলে টি আর জেলিয়াং দাবি করছিলেন। রাজ্যপালকেও তিনি সে কথা জানিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী সুরহোঝেলি লিঝিৎসুকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের নির্দেশ দেন রাজ্যপাল পি বি আচার্য। কিন্তু রাজ্যপালের নির্দেশকে হাইকোর্টে চ্যালেঞ্জ জানিয়েছিলেন লিঝিৎসুরা। গুয়াহাটি হাইকোর্টের কোহিমা বেঞ্চ গতকাল জানিয়ে দেন, এ বিষয়ে রাজ্যপালের সিদ্ধান্তই চূড়ান্ত। এই রায় আসার পরই রাজ্যপাল অবিলম্বে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে বলেন লিঝিৎসুকে। গতকাল সকাল সাড়ে নয়টায় অধিবেশন ডাকা হয়েছিল। টি আর জেলিয়াং এবং তাঁর সমর্থকেরা বিধানসভায় পৌঁছে যান। কিন্তু লিঝিৎসু শিবির বিধানসভায় যায়নি। ফলে আস্থা ভোট হয়নি।