নাগাল্যান্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি
ভারতের নাগাল্যান্ডে ধর্ষণের অভিযোগে আটক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় একজন বিচারপতিকে প্রধান করে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঘটনার প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ আরও ছড়িয়ে পড়ায় গতকাল রোববার রাজ্যে ইন্টারনেট ও মুঠোফোনের খুদে বার্তাসেবা বন্ধ করে দেওয়া হয়েছে। খবর এনডিটিভি এবং এএফপির।
গত শুক্রবার নাগাল্যান্ডের ডিমাপুরে সৈয়দ ফরিদ খান নামের এক ব্যক্তিকে স্থানীয় কারাগার থেকে বের করে পিটিয়ে মেরে ফেলে কয়েক হাজার মানুষ। স্থানীয় এক আদিবাসী নারীকে ধর্ষণের অভিযোগে তিনি ২৪ ফেব্রুয়ারি থেকে কারাগারে ছিলেন।
ফরিদ খানকে হত্যায় জড়িত থাকার ঘটনায় ১৮ জনকে গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের মহাপরিদর্শক ওয়াবাং জমির ডিমাপুর থেকে টেলিফোনে এএফপিকে বলেন, হাঙ্গামা ও বেআইনি সমাবেশ করার অভিযোগে ১৮ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা ফরিদ খানকে পিটিয়ে হত্যার ঘটনায় সরাসরি জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
নিহত ফরিদ বাংলাভাষী হওয়ায় তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে অভিযোগ করা হচ্ছে। তবে তাঁর পরিবারের সদস্যরা এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। ফরিদকে পিটিয়ে হত্যার ঘটনার পর থেকে ডিমাপুর জেলার রাস্তায় রাস্তায় শত শত দাঙ্গা পুলিশ টহল দিচ্ছে। গত শনিবার তাঁর লাশ আসামের করিমগঞ্জ জেলায় পরিবারের কাছে হস্তান্তর করে সরকারি কর্তৃপক্ষ।
এদিকে কথিত ধর্ষণের শিকার ১৯ বছর বয়সী ওই তরুণী এনডিটিভির কাছে গতকাল দাবি করেন, তাঁকে চুপ থাকার জন্য পাঁচ হাজার রুপি দিয়েছিলেন নিহত ফরিদ খান। পুলিশ বলছে, তরুণীর ডাক্তারি পরীক্ষা ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক পদস্থ কর্মকর্তা টেলিভিশন চ্যানেল এনডিটিভিকে বলেন, ফরিদ খানের হত্যাকাণ্ডে পুলিশ সদস্যরা জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। তিনি বলেন, ‘ক্ষুব্ধ লোকজন কীভাবে ফরিদকে চিনতে পারল, এটা একটা বড় প্রশ্ন।’
নাগাল্যান্ডের সহিংসতার সাম্প্রতিক ঘটনায় জাতিগত বিরোধ ও উত্তেজনাকে দায়ী করা হচ্ছে। অবৈধ অভিবাসীর সংখ্যা সেখানে বাড়ছে বলে আদিবাসী সংগঠনগুলো অনেক বছর ধরে অভিযোগ করে আসছে।