নাগাল্যান্ডের সংকট থেকে রেহাই বিজেপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাগাল্যান্ডে নয়া জোট শরিক নেতাদের সঙ্গে বিজেপি নেতা তথা ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজেজু। গুয়াহাটি, আসাম, ৩ ফেব্রুয়ারি ২০১৮। ছবি: সামাজিক যোগাযোগ মাধ্যমের সৌজন্যে
নাগাল্যান্ডে নয়া জোট শরিক নেতাদের সঙ্গে বিজেপি নেতা তথা ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজেজু। গুয়াহাটি, আসাম, ৩ ফেব্রুয়ারি ২০১৮। ছবি: সামাজিক যোগাযোগ মাধ্যমের সৌজন্যে

নাগাল্যান্ডের রাজনৈতিক দলগুলো জানিয়ে দিল, আগামী ২৭ ফেব্রুয়ারির বিধানসভা নির্বাচনে তাঁরা লড়ছে। এর ফলে উত্তর-পূর্ব ভারতের পাহাড়ি এ রাজ্যে সৃষ্টি হওয়া সাংবিধানিক সংকট থেকে মুক্তি পেল বিজেপি।

আগে শান্তি, পরে ভোট-এই দাবিতে নাগাল্যান্ডের সশস্ত্র সংগঠন থেকে শুরু করে সব কটি রাজনৈতিক দল সিদ্ধান্ত নেয় তাঁরা ভোটে লড়বে না। ৩১ জানুয়ারি থেকে মনোনয়নপত্র দাখিলের কথা থাকলেও একটিও মনোনয়ন জমা পড়েনি।
গণসংগঠনের চাপে পড়ে গত সোমবার কংগ্রেস, বিজেপিসহ ১১টি দল লিখিতভাবে জানায় তাঁরা ভোটে লড়বে না। নিষিদ্ধ জঙ্গি সংগঠন এনএসসিএনের (আইএম) সঙ্গে ভারত সরকার শান্তিচুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নিলে ভোট বয়কট করার হুমকি দেয় সব দল।
গতকাল শনিবার গুয়াহাটিতে সাংবাদিক সম্মেলন ডেকে নাগাল্যান্ডের ভারপ্রাপ্ত বিজেপির নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজেজু জানান, জটিলতা কেটেছে। নাগাল্যান্ডে ভোট হচ্ছে। শান্তি প্রতিষ্ঠাকে কেন্দ্রীয় সরকার সর্বাধিক গুরুত্ব দেওয়াতেই ভোট বয়কট হচ্ছে না বলেও তিনি দাবি করেন।
এই ঘোষণার পরই শুরু হয় রাজনৈতিক তৎপরতা। ৬০ সদস্যের নাগাল্যান্ডে বর্তমানে টিআর জেইলিংয়ের নেতৃত্বাধীন এনপিএফ ও বিজেপির জোট সরকার রয়েছে। কিন্তু রিজেজু জানান, এবার তাঁরা জোট বদল করছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী নেফু রিওর এনডিপিপির সঙ্গে জোট করবেন তাঁরা। এনডিপিপি ৪০ আসনে এবং বিজেপি ২০ আসনে লড়বে।
তবে এনপিএফ সম্পর্কে কোনো নেতিবাচক মন্তব্য এদিন রিজেজু করেননি। তিনি দাবি করেন, এই দুই দলের নতুন জোটই নাগাল্যান্ডে সরকারে আসবে। এনপিএফ কেন্দ্রে বিজেপির জোট সঙ্গী হিসেবেও কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। অন্যদিকে, কংগ্রেসও নাগাল্যান্ড নির্বাচনে ঝাঁপিয়ে পড়ছে। ইতিমধ্যেই চারজন পর্যবেক্ষক নিয়োগ করেছে তাঁরা।
নাগাল্যান্ডে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৭ ফেব্রুয়ারি। এর মধ্যে রোববার বা ছুটির দিন মনোনয়নপত্র জমা নেওয়া হয় না। তাই দ্রুত গতিতে মনোনয়ন প্রক্রিয়া শেষ করতে শুরু হয়েছে বাড়তি তৎপরতা।