
প্রধানমন্ত্রী নাজিব রাজাকের পদত্যাগের দাবিতে এখন মালয়েশিয়ার রাজপথ উত্তাল। দৃশ্যত, নাজিবের বিরুদ্ধে একটি আর্থিক কেলেঙ্কারির অভিযোগ নিয়ে এই বিক্ষোভের সূত্রপাত। কিন্তু বাস্তবতা হলো, এই আন্দোলনের শিকড় অনেক গভীরে।
যুক্তরাজ্যে পড়াশোনা করা অর্থনীতিবিদ নাজিব ২০০৯ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর সূচনাটা ভালোই করেছিলেন। একগুচ্ছ সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে বিরোধীদেরও প্রশংসা কুড়ান। সেই নাজিবের প্রতিই মালয়েশীয় নাগরিকদের এখন মোহমুক্তি ঘটল কেন?
অধিকতর নাগরিক স্বাধীনতা: প্রধানমন্ত্রী নাজিব সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর সাহায্যে সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করতে জনগণকে উৎসাহিত করেন। তিনি টুইটার ও ফেসবুকে সক্রিয়। মালয়েশিয়ার ইতিহাসে প্রথমবারের মতো জনগণ তাঁদের উদ্বেগগুলো সরাসরি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার সুযোগ পান। কিন্তু যখনই জনরোষ বাড়তে শুরু করেছে, তখনই কর্তৃপক্ষ বিভিন্ন ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে। সমালোচকদের মুখ বন্ধ করতে সরকার সবচেয়ে বেশি ব্যবহার করেছে ‘রাষ্ট্রদ্রোহ আইন’। অথচ নাজিব আইনটি বিলুপ্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
আর্থিক সংস্কার: মালয়েশিয়াকে একটি সস্তা রপ্তানি ও কাঁচামালনির্ভর দেশ থেকে উচ্চ আয়ের অর্থনীতিতে পরিণত করার উচ্চাভিলাষী প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী নাজিব। এর বিরুদ্ধে সমালোচনা ওঠে নিজ দলের ভেতর থেকেও। কারণ, ওই পরিকল্পনার পেছনে ছুটতে গিয়ে নাজিব খাবারসামগ্রী ও জ্বালানির ওপর থেকে ভর্তুকি তুলে নেন। জনগণের মাথায় তুলে দেন ভোক্তা করের বোঝা। সমালোচকদের ভাষ্য, সাধারণ নাগরিকদের এভাবে ভোগান্তিতে না ফেলে সরকার অপচয় কমানো ও দুর্নীতির লাগাম টেনে ধরলেই পারত।
স্ত্রীর বিলাসিতা: অভিযোগ রয়েছে, নাজিবের স্ত্রী রোজমাহ মনসুর বিলাসী জীবন যাপনে অভ্যস্ত। সম্প্রতি বেশ কিছু ছবি অনলাইনে ফাঁস হয়, যেখানে তাঁকে রংবেরঙের হাতব্যাগ ধরে থাকতে দেখা যায়। একেকটির দাম কয়েক হাজার মার্কিন ডলার। এ ছাড়া রোজমাহর কেশবিন্যাসকারীকে প্রতিবার বাড়িতে আসার কারণে দিতে হয় ৪০০ ডলার। এ নিয়ে তিনি নিজেই আক্ষেপ করেছেন। যেসব মালয়েশীয়র দিন আনতে পান্তা ফুরোয়, তাঁরা এ খবরে ক্ষুব্ধ হবেন, এটাই স্বাভাবিক।