
নানা নাটকীয়তার পর গতকাল মঙ্গলবার ভারতের গোয়ার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এত দিন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী থাকা মনোহর পারিকর। কাল বৃহস্পতিবার বিধানসভায় তাঁকে আস্থা ভোটের পরীক্ষা দিতে হবে।
৪০ আসনের গোয়া বিধানসভায় ২১টি আসন পেলেই সরকার গঠন করা যায়। কংগ্রেস ১৭টি আসনে জয়ী হয়। বিজেপি পায় ১৩টি। এরপরও ছোট দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠন করে ফেলল তারা।
বিজেপির সরকার গঠনে বাধা দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিল কংগ্রেস। দলটির অভিযোগ, তারা বেশি আসন পাওয়ার পরও প্রদেশের গভর্নর মৃদুলা সিনহা বেআইনিভাবে এবং সংবিধান লঙ্ঘন করে বিজেপিকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু সর্বোচ্চ আদালত সে আবেদন গ্রাহ্য করেননি। ফলে গতকাল বিকেলে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন পারিকর। অবশ্য আদালতের নির্দেশে কাল বিধানসভায় আস্থা ভোট হবে। সেখানে তাঁকে জিততে হবে।
গত শনিবার সন্ধ্যায় ভোটের চূড়ান্ত ফল জানা যায়। বিজেপি গোয়ায় আসন কম পেলেও কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দলের সুযোগে সরকার গঠনে জোর তৎপরতা শুরু করে। গোয়ার দেখভালের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি সুযোগ বুঝে ছোট দলগুলোর সঙ্গে যোগাযোগ করেন। নির্বাচনে মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি (এমজিপি) এবং গোয়া ফরওয়ার্ড পার্টি (জিএফপি) ৩টি করে আসন পেয়েছে। দল ২টির সমর্থন এবং ২ জন নির্দলীয় বিধায়কের সমর্থন মিলিয়ে ২১ জনের সমর্থন পেয়ে যায় বিজেপি। রোববার সমর্থনের তালিকা গভর্নরের কাছে দেয় তারা। তখন বিজেপিকেই সরকার গঠনের জন্য আহ্বান জানান গভর্নর।
বিজেপির নেতারা বলেছেন, শনিবার রাতেই আসল কাজটি হয়ে যায়। কংগ্রেসের বাইরের নয়জন নির্বাচিত বিধায়ককে নিয়ে একটি পাঁচতারা হোটেলে বৈঠক করে বিজেপি। সেই বৈঠকেই সরকার গঠনে সমর্থন এবং মনোহর পারিকরকে মুখ্যমন্ত্রী করার বিষয়টি ঠিক হয়। এরপরই কেন্দ্রীয় মন্ত্রীর পদ ছাড়েন অতীতে তিনবার গোয়ার মুখ্যমন্ত্রী থাকা পারিকর।
বিজেপি নেতা এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি কংগ্রেসের সমালোচনা করে বলেন, গোয়ার গভর্নরের কাছে ২১ জনের সমর্থনের কাগজ দিয়েছে বিজেপি। কংগ্রেস কিছু দিতে পারেনি।
কংগ্রেস বলছে, পারিকর দুই দিনের মুখ্যমন্ত্রী। আস্থা ভোটে হেরে যাবেন। দলের নেতৃত্বের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন গোয়ার কংগ্রেস বিধায়কেরা। নবনির্বাচিত বিধায়কদের ক্ষোভ কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং গোয়ার দায়িত্ব পাওয়া দিগ্বিবিজয় সিংয়ের বিরুদ্ধে। বিজেপির চেয়ে এগিয়ে থেকে সরকার গড়তে ব্যর্থ হলো কংগ্রেস, তার জন্য দিগ্বিজয়কেই দায়ী করেছেন অনেক বিধায়ক।