নাতি-নাতনি নাগরিকত্ব হারানোর ঘটনায় বৃদ্ধের আত্মহত্যা!

নাগরিকত্ব প্রমাণে ছেলে ও নাতি-নাতনি ব্যর্থ হওয়ায় আত্মহত্যা করলেন আসামের এক বৃদ্ধ। গতকাল মঙ্গলবার বাংলাদেশ সীমান্তবর্তী ধুবড়ি জেলার গোলকগঞ্জের বিষখোয়া এলাকায় এ ঘটনা ঘটেছে বলে রাজ্যের বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
৭০ বছরের বৃদ্ধ দেবেন বর্মণের নাম জাতীয় নাগরিক নিবন্ধনের (এনআরসি) তালিকায় থাকলেও তাঁর ছেলে ও নাতি-নাতনির নাম নেই। সংবাদমাধ্যমে স্থানীয় লোকজনের বরাত দিয়ে জানিয়েছে, সেই অবসাদ থেকেই বৃদ্ধ বাড়ির সামনে একটি গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
তাঁর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সবাই এর জন্য ভুলে ভরা এনআরসিকেই দায়ী করছেন।
রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী প্রফুল্লকুমার মহন্তও গতকাল এনআরসির ভুল নিয়ে সরব হয়েছেন। সংবাদমাধ্যমের কাছে তাঁর অভিযোগ, ভুলে ভরা এনআরসির চূড়ান্ত খসড়ায় বহু ভূমিপুত্রকেও হয়রানির শিকার হতে হচ্ছে। বিদেশি খোঁজার বদলে স্থানীয়দেরই নাম বাদ গিয়েছে বলেও কটাক্ষ করেন তিনি।
অরুণাচল প্রদেশ, মিজোরাম ও নাগাল্যান্ডে ভারতীয়দের প্রবেশের ক্ষেত্রেও বিশেষ অনুমতি লাগে। আসামে এনআরসির চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশ হতেই সেই বিশেষ অনুমতিপত্র নিয়ে রাজ্যগুলোর সীমান্তে সরকারি ও বেসরকারি উদ্যোগে কড়াকড়ি বেড়ে গেছে।
এনআরসি নিয়ে রাজ্য সরকারের কাছে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন, রাজ্যের আরেক সাবেক মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। টুইটার বার্তায় তিনি বিজেপির বিরুদ্ধে ভাষিক ও ধর্মীয় সংখ্যালঘু ব্যক্তির প্রতি অবিচারেরও অভিযোগ করেন তিনি।
আসামের সংখ্যালঘু অংশের নেতা, তথা এআইইউডিএফ নেতা বদরুদ্দিন আজমল এদিন মন্তব্য করেছেন, এনআরসির সঙ্গে ধর্ম বা ভাষার কোনো সম্পর্ক নেই। শুধু বাংলাদেশি শনাক্ত করার জন্যই এনআরসি কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি। এর পাশাপাশি গতকাল ভারতীয় সুপ্রিম কোর্ট আসামে এনআরসির রাজ্য সমন্বয়ক প্রতীক হাজেলা ও ভারতীয় রেজিস্ট্রার জেনারেলকে জেলে পাঠানোর হুমকি দেন। তাঁদের অপরাধ, এনআরসি নিয়ে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন তাঁরা। ভবিষ্যতে গণমাধ্যমে কিছু বলার বদলে কাজে মন দিতে বলেন আদালত।
অন্যদিকে, আসামের দেখাদেখি মেঘালয়ও চাইছে এনআরসি। উদ্দেশ্য, ‘বাংলাদেশি’ অনুপ্রবেশকারী খুঁজে বের করা। রাজ্যে বিজেপির সমর্থনে ক্ষমতাসীন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) জানিয়ে দিয়েছে, তারাও চাইছে এনআরসি।
বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যটির উপমুখ্যমন্ত্রী পেস্টন টিনসং শিলংয়ে সাংবাদিকদের বলেন, এনআরসি একটি নতুন পদ্ধতি। মেঘালয়ে বিদেশি খুঁজে বের করতে এই পদ্ধতি চালুর বিষয়টি সরকার বিবেচনা করছে।
মেঘালয়ের ভূমিপুত্রদের সংগঠন এইচওয়াইসির প্রতিনিধিদের সঙ্গে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী জেমস সাংমার ও উপমুখ্যমন্ত্রী বৈঠকে করেন। এইচওয়াইসির দাবি, এনআরসি চালু করতে হবে। বৈঠক শেষে টিনসং রাজ্য সরকারের মনোভাব সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
আসাম থেকে থেকে মেঘালয়ে আসা যাত্রীদের নাগরিকত্ব যাচাইপ্রক্রিয়া চলছেই। আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনার্ড সাংমা টেলিফোনে কথা বলার পরও সমস্যাটি মেটেনি। বরং খাসি ছাত্র সংস্থার পাশাপাশি এখন আধা সেনা জওয়ানেরাও যাত্রীদের নাগরিকত্বের প্রমাণ যাচাই করছেন। ফলে নিজেদের দেশের মধ্যেই ভারতীয় নাগরিকদের হয়রানির শিকার হতে হচ্ছে বলে কংগ্রেসের অভিযোগ।
মেঘালয়ের পাশাপাশি অরুণাচল প্রদেশও এখনো বিদেশি ইস্যুতে সরব। অরুণাচল প্রদেশ ছাড়া সংস্থার (আপসু) দাবি, তারা ইতিমধ্যেই ১ হাজার ৪০০ ‘বিদেশি’ ফেরত পাঠিয়েছেন। একই সঙ্গে আপসুর দাবি, ১৫ দিনের মধ্যে ‘ইনার লাইন পারমিটহীন’ লোকজনকে রাজ্যছাড়া করতে হবে।