নান ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেপ্তার
ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রানাঘাটে প্রবীণ নানকে গণধর্ষণের ঘটনার ১২ দিন পর মুহাম্মদ সেলিম নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সূত্রের খবরে মোবাইল ফোন ট্র্যাক করে মুম্বাই থেকে তাঁকে গ্রেপ্তার করে কলকাতা ও মুম্বাইয়ের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ।
ঘটনার পরপরই মুহাম্মদ সেলিম পশ্চিমবঙ্গ থেকে গা ঢাকা দেন।
সিআইডি আজ বৃহস্পতিবার জানিয়েছে, সেলিমকে রানাঘাট আদালতে তোলা হলে আদালত তাঁকে ১৪ দিনের সিআইডি হেফাজতে দেন। তিনি পুলিশের কাছে অপরাধ স্বীকার করে ঘটনার দিন আর কারা তাঁর দলে ছিলেন, তাঁদের নামও জানিয়েছেন। তাঁর দাবি, ঘটনার পর তাঁর সহযোগীরা বাংলাদেশে পালিয়ে গেছেন। এ ঘটনার আগে এখানে আরও তিনটি অপরাধ সংঘটিত করার কথা তিনি পুলিশের কাছে স্বীকার করেছেন।
ধর্ষণের ঘটনার পর সিআইডি সাতজন দুষ্কৃতকারীর ছবি প্রকাশ করে। ওই ছবির সঙ্গে মিলে যায় সেলিমের মুখ। তাঁকে গ্রেপ্তার করে রানাঘাটে এনে আদালতে হাজির করা হয়।
সিআইডি পুলিশ জানিয়েছে, সেলিমের বাড়ি বাংলাদেশে। তিনি তাঁর দলবল নিয়ে রানাঘাটে এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেন। এরপর ওই দলের হয়ে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন। রানাঘাটে ডাকাতি ও ধর্ষণের ঘটনার পর সেলিম ও তাঁর সহযোগীরা পালিয়ে গোপাল সরকার নামের একজনের বাড়িতে আশ্রয় নেন। পুলিশ গোপালকে গ্রেপ্তার করেছে।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই ধর্ষণ ঘটনার পর তদন্তের দায়িত্ব দেয় সিআইডি পুলিশের ওপর। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দেন, এই মামলার তদন্ত করবে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।
এদিকে আজ দিল্লি থেকে সিবিআই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়ে দেয়, নিয়ম মেনে আবেদন না করা এবং পদ্ধতিগত ত্রুটির কারণে সিবিআই এই ঘটনার তদন্ত করবে না।
১৪ মার্চ রাত আড়াইটার দিকে এক দল দুষ্কৃতকারী স্কুলের দেয়াল টপকে ভেতরে ঢুকে নিরাপত্তারক্ষীকে বেঁধে স্কুলের অফিসকক্ষে ঢোকে। তারা অফিস থেকে ১২ লাখ টাকা লুট করে। একপর্যায়ে প্রবীণ নান গণধর্ষণের শিকার হন।