নান ধর্ষণের ঘটনায় ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র
ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রানাঘাটে কনভেন্ট অব জেসাস অ্যান্ড মেরি স্কুলের ৭১ বছর বয়সী খ্রিষ্টান সন্ন্যাসিনীকে (নান) গণধর্ষণ ও ডাকাতির ঘটনায় ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে গোয়েন্দা পুলিশ। ঘটনার প্রায় তিন মাস পর আজ সোমবার দুপুরে রানাঘাটের মহকুমা বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে এই অভিযোগপত্র দাখিল করা হয়।
অভিযুক্ত ছয়জন হলেন গোপাল সরকার, সালিম শেখ, খালেদুর রহমান ওরফে ফারুক, মিলন সরকার, ওহিদুল ইসলাম বাবু ও নজু শেখ।
গত ১৪ মার্চ রাত আড়াইটার দিকে একদল দুষ্কৃতকারী রানাঘাটের কনভেন্ট অব জেসাস অ্যান্ড মেরি স্কুলের নিরাপত্তারক্ষীকে বেঁধে স্কুলের অফিসকক্ষে ঢোকে। তারা অফিস থেকে ১২ লাখ রুপি লুট করে। একপর্যায়ে প্রবীণ নান গণধর্ষণের শিকার হন। এই ঘটনার পর পশ্চিমবঙ্গজুড়ে তীব্র প্রতিবাদ ওঠে। দাবি ওঠে ধর্ষক ও ডাকাতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির। এর পরই এ ঘটনার তদন্তভার দেওয়া হয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি)। তদন্তে নেমে ইতিমধ্যে সিআইডি পুলিশ উত্তর ২৪ পরগনার হাবড়া থেকে গোপাল সরকার, মুম্বাই থেকে সালিম শেখ, বনগাঁও রেলস্টেশন থেকে খালেদুর রহমান ওরফে ফারুক, শিয়ালদহ স্টেশন থেকে মিলন সরকার ও ওহিদুল ইসলাম বাবুকে গ্রেপ্তার করে। সর্বশেষ শিয়ালদহ থেকে গ্রেপ্তার হন নজু শেখ।