নান ধর্ষণের ঘটনায় সাত ব্যক্তিকে শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রানাঘাটে কনভেন্ট অব জেসাস অ্যান্ড মেরি স্কুলের একাত্তর বছর বয়সী খ্রিষ্টান সন্ন্যাসিনীকে (নান) গণধর্ষণের ঘটনায় আটক দুই ব্যক্তির একজনের স্ত্রী এ ঘটনায় অভিযুক্ত সাত ব্যক্তিকে শনাক্ত করেছেন। ঘটনার দিন স্কুলের ক্লোজ সার্কিট ক্যামেরায় ধারণ করা ছবি দেখে তিনি ওই ব্যক্তিদের শনাক্ত করেন।


গতকাল শনিবার পিটিআইয়ের খবরে জানানো হয়, আটক দুই ব্যক্তি হলেন গোপাল সরকার ও সেলিম শেখ। গত বৃহস্পতিবার মুম্বাই ও হাবড়া থেকে তাঁদের আটক করা হয়। তাঁরা দুজনই বাংলাদেশি বলে দাবি করেছে ভারতের পুলিশের অপরাধ তদন্ত সংস্থা (সিআইডি)। এঁদের মধ্যে গোপালের স্ত্রী ওই সাত ব্যক্তির ছবি দেখে তাঁদের শনাক্ত করেছেন। গোপাল আর তাঁর স্ত্রী দুই বছর আগে বাংলাদেশ থেকে ভারতে আসেন। এর পর থেকে তাঁরা পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া এলাকায় থাকছিলেন।

নাম প্রকাশ না করার শর্তে ভারতের এক কর্মকর্তা জানান, ওই ব্যক্তিরা গোপাল সরকারের বাড়িতে কয়েক দিন ছিলেন। এ কারণে তাঁর স্ত্রী ওই লোকগুলোর ছবি দেখে চিনতে পেরেছেন। এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের দ্রুতই আটক করা হবে বলে জানান ওই কর্মকর্তা।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও জানান, জড়িতদের মধ্যে কয়েকজন বাংলাদেশে পালিয়ে গেছেন ও কয়েকজন প্রতিবেশী রাজ্যগুলোতে লুকিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। তাঁদের মধ্যে কারও কারও বাংলাদেশের পাসপোর্ট আছে। আর অন্যরা অবৈধভাবে বাংলাদেশ থেকে পালিয়ে এসেছেন।

সিআইডি কর্মকর্তারা জানান, গোপাল সরকার ও মো. সেলিম শেখকে একসঙ্গে গতকাল জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে দুজনের বক্তব্যে বেশ কিছু গরমিল পাওয়া গেছে। তবে ডাকাতির সময় ধর্ষণের ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল না বলে জিজ্ঞাসাবাদে মনে হয়েছে।