নানকে গণধর্ষণের ঘটনায় লোকসভায় ক্ষোভ
ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রানাঘাটের গাঙনাপুরে এক নান গণধর্ষণের শিকার হওয়ার ঘটনায় আজ মঙ্গলবার লোকসভায় তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ চলেছে। ঘটনার পর চার দিন কেটে গেলেও পুলিশ এখনো কোনো ধর্ষককে গ্রেপ্তার করতে পারেনি।
লোকসভায় প্রবীণ নানকে গণধর্ষণের ঘটনায় রাজ্য সরকার কাউকে গ্রেপ্তার করতে না পারায় বাম দল, কংগ্রেস ও বিজেপির সাংসদেরা ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ব্যর্থতার অভিযোগ তোলেন। লোকসভায় আলোচনার সময় এই দাবি তোলেন কংগ্রেস দলীয় সাংসদ অধীর চৌধুরী, সিপিএমের সাংসদ মহম্মদ সেলিম, বিজেপির সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া। আলুওয়ালিয়া পশ্চিমবঙ্গের সরকারকে ব্যর্থ সরকার হিসেবে চিহ্নিত করে অবিলম্বে বরখাস্তের দাবি জানান।
তবে তৃণমূলের সাংসদ সৌগত রায় বলেন, রাজ্য সরকারের কোনো ব্যর্থতা নেই। পুলিশ ধর্ষকদের ধরার জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী গতকাল রানাঘাটে গিয়ে ধর্ষণের শিকার নানের সঙ্গে দেখা করেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে এ ব্যাপারে প্রতিবেদন চেয়েছে। আজ ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও প্রতিবেদন চাওয়া হয়েছে। আজ পশ্চিমবঙ্গের সংখ্যালঘু কমিশনের ভাইস চেয়ারপারসন মারিয়া ফার্নান্দেজ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
আগামীকাল বুধবার ভ্যাটিকান সিটি থেকে পোপের একটি প্রতিনিধিদল রানাঘাটে আসছে।
গত শুক্রবার রাত আড়াইটার দিকে সাত থেকে আটজনের একটি দল স্কুলের দেয়াল টপকে ভেতরে ঢুকে নিরাপত্তারক্ষীকে বেঁধে স্কুলের অফিসকক্ষে ঢোকে। তারপর তারা অফিসকক্ষ থেকে ১২ লাখ টাকা লুট করে। এ সময় ওই কনভেন্ট স্কুলের উপস্থিত নানরা বাধা দিলে তাদেরও বেঁধে রাখে দুষ্কৃতকারীরা। বাধা দিতে এসে গণধর্ষণের শিকার হন ৭১ বছর বয়সী নান। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রানাঘাটের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।