নাম চাই না, ভালো মজুরি চাই
এই কুলি—বলে ডাকলেই সাড়া দেবে। গায়ে লাল রঙের মোটা সুতি শার্ট, ঘাড়ে গামছা, হাতে চকচকে পিতলের বালা। এই তাঁর চিরচেনা বেশ। ভারতের রেলস্টেশনগুলোতে মালামাল বয়ে নিতে দেদার রয়েছেন তাঁরা। তাঁদের আরও বেশি পরিচিতি ছড়িয়েছে বলিউড তারকা অমিতাভ বচ্চন অভিনীত ‘কুলি’ ছবির কল্যাণে। সেই কুলির নাম পাল্টে যাচ্ছে। ভারতে এখন থেকে তাঁরা ‘সহায়ক’ বলে পরিচিতি পাবেন।
গতকাল বৃহস্পতিবার ভারতের লোকসভায় এ ঘোষণা দেওয়া হয়। লোকসভায় রেলবাজেট উপস্থাপনের পরই আসে এ ঘোষণা।
কিন্তু কুলিদের কথা আলাদা। তাঁরা বলছেন, নাম দিয়ে কী হবে? নাম চাই না, ভালো মজুরি চাই। পিঠে করে আর মালামাল বইবেন না তাঁরা। মালামাল বয়ে নিতে থাকবে ট্রলি। লাল শার্ট ও সাদা পায়জামার পোশাকেও বদল আসবে।
কুলিদের দেখার ও জানার সুবিধার্থে নয়াদিল্লির রেলস্টেশনে বড় পর্দায় এই বাজেট অধিবেশন সরাসরি সম্প্রচার করা হয়। তবে লাল শার্ট বদলানো নিয়ে আপত্তি রয়েছে কুলিদের। সাত বছর ধরে ওই স্টেশনে কুলি হিসেবে কাজ করছেন ৩৩ বছরের ভানওয়ার সিং। বললেন, ‘লাল হলো হনুমান দেবতার রং। এটি আমাদের শক্তি দেয়।’ তাঁর সহকর্মী রহিম বলেন, লাল শার্ট দেখে সহজে তাঁদের আলাদা করা যায়।
ট্রলি ব্যবহারের সিদ্ধান্তেও খুশি নন কুলিরা। ভানওয়ার বলেন, ‘ট্রলি নিতে সময় বেশি লাগে। যখন যাত্রীরা ট্রেন ধরতে পারবেন না, তখন আমাদের দোষ দিলে চলবে না।’
কুলির বদলে ‘সহায়ক’ নাম দেওয়ায় খুশি কি না—জানতে চাইলে একজন বলেন, নামে কী আসে যায়? এর চেয়ে আর্থিক সুবিধা বাড়ালে তাঁরা খুশি। রেলসেবায় বেতন-ভাতার দিক দিয়ে তাঁদের ‘ডি’ শ্রেণির আওতায় আনা যেতে পারে। তাঁদের জন্য অবসরভাতা ও স্বাস্থ্যসুবিধার বন্দোবস্ত করা যেতে পারে।
স্টেশনের প্রবীণ কুলি রউফ বলেন, কাজ শুরু করেছিলেন মাত্র এক রুপিতে। আর এখন ৪০ কেজি মাল তুললে পান ৬০ রুপি। শার্ট বা নাম না বদলে আর্থিক সুবিধা বাড়ালেই তাঁরা বেশি খুশি। টিএনএন অবলম্বনে