নামটা ক্যালকাটা হাইকোর্টই থাকছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন ক্যালকাটা শহরের নাম হয়েছে কলকাতা। আগে ছিল ক্যালকাটা। খাতাপত্রেও ছিল ক্যালকাটা। কিন্তু ক্যালকাটা বর্তমানে কলকাতা হয়ে গেলেও হাইকোর্টের নাম ক্যালকাটা হাইকোর্টই থেকে গেছে। বদলে যায়নি। তবে অন্যান্য জায়গা ক্যালকাটার পরিবর্তে কলকাতা হয়ে গেছে।

এদিকে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার এক বৈঠকে সম্প্রতি সিদ্ধান্ত নেওয়া হয় যে সব মেট্রোপলিটন শহরের নামে হবে হাইকোর্টের নাম। এতে করে ক্যালকাটা হাইকোর্টের নাম হওয়ার কথা কলকাতা হাইকোর্ট। কিন্তু এই প্রস্তাবে সায় দেয়নি কলকাতা।

কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত না মানার দাবি তুলেছে কলকাতার বিভিন্ন আইনজীবী সংগঠন। কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন, ইনকরপোরেটেড ল সোসাইটি এবং বার লাইব্রেরি কেলাব হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে এক আবেদনে নাম পরিবর্তনের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে দাবি করে, ক্যালকাটা হাইকোর্টের নামের সঙ্গে জড়িয়ে আছে এক ঐতিহ্য। এটা মুছে দেওয়া যাবে না। থাকবে ক্যালকাটা হাইকোর্ট।

এরপরই ক্যালকাটা হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেললুর ক্যালকাটা হাইকোর্টের বিচারপতিদের নিয়ে এক ফুল বেঞ্চের পর্যালোচনা বৈঠক করেন। তাতে বিচারপতিরাও নাম পরিবর্তনের বিরুদ্ধে আইনজীবীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে প্রস্তাব নেন। এরপরেই তা জানিয়ে দেওয়া হয় ক্যালকাটা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল সৌগত মজুমদারের কাছে। তিনি বিষয়টি জানিয়ে দেন কেন্দ্রীয় আইন মন্ত্রণালয়ে। ফলে ক্যালকাটা হাইকোর্ট আর কলকাতা হাইকোর্ট হচ্ছে না।