নারকেলগাছে অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও আলোচনায় নেতাজির ভক্ত হুগলি জেলার ত্রিবেণীর বিষ্ণু চৌধুরী। এবার তিনি দাবি আদায়ে নারকেলগাছের মাথায় উঠে অনশন শুরু করেছেন। একই সঙ্গে আত্মাহুতি দেওয়ার হুমকি দিয়েছেন। পুরোনো দাবি অনুযায়ী, ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিনকে ‘দেশপ্রেম দিবস’ ঘোষণা এবং তাঁর অন্তর্ধান-রহস্যের কিনারা করতে ফের তদন্ত কমিশন করার দাবিতে ত্রিবেণীর শিবপুর এলাকার একটি নারকেলগাছে গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে বিষ্ণুর এই ব্যতিক্রমী অনশন শুরু হয়েছে। নারকেলগাছের মাথায় অবস্থান করা ২৮ বছর বয়সী এই তরুণ সঙ্গে নিয়েছেন ছাতা, দড়ি, রেইনকোট, নেতাজির ছবি ও দুই লিটার পেট্রল। আগামীকাল রোববার সন্ধ্যার মধ্যে কেন্দ্রীয় সরকার দাবি না মানলে সেখানে বসে নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মাহুতি দেওয়ার হুমকি দিয়েছেন বিষ্ণু। একই দাবিতে ২০১০ সালে ব্যান্ডেল রেলস্টেশনে নকল বোমা রেখে গ্রেপ্তার হন বিষ্ণু। ২০১১ সালে কলকাতার পাতাল রেলস্টেশনে নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। একই বছর শিবপুরে ১৫০ ফুট উঁচু মুঠোফোনের টাওয়ারে উঠে আত্মহত্যার ঘোষণা দেন। ওই বছরের ১৫ আগস্ট নিজের শরীরে ৭০টি সুই ফুটিয়ে প্রতিবাদ জানান তিনি। একই দাবিতে ২০১২ সালের জুন মাসে বামফ্রন্টের মিছিলে নকল বোমা রেখে গ্রেপ্তার হন বিষ্ণু।