নারদ-কাণ্ডে তৃণমূলের ১৩ নেতা, মন্ত্রী, সাংসদের নামে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারদ কেলেঙ্কারি মামলায় আজ সোমবার ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের ১২ জন নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং একজন শীর্ষ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করেছে। সুপ্রিম কোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে সিবিআই মামলা করায় প্রচণ্ড ধাক্কা খেল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

সুপ্রিম কোর্ট এর আগে এক আদেশে জানিয়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট নারদ মামলা তদন্তের জন্য সিবিআইকে যে নির্দেশ দিয়েছে, সেই নির্দেশই বহাল থাকবে। তবে সুপ্রিম কোর্ট এই মামলা প্রাথমিক তদন্তের জন্য কলকাতা হাইকোর্টের দেওয়া তিন দিনের সময় বাড়িয়ে ৩০ দিন করে দিয়েছিল। সেই ৩০ দিনের সময়সীমার আজ সোমবার ছিল শেষ দিন।

গত বছরের ১৪ মার্চ তৃণমূল কংগ্রেসের ১২ জন নেতা, মন্ত্রী, সাংসদ ও বিধায়ক এবং একজন শীর্ষ পুলিশ কর্মকর্তার অর্থ গ্রহণের এক চাঞ্চল্যকর ভিডিও ফুটেজ ফাঁস করে দিল্লির নারদ নিউজ ডট কম নামের একটি ওয়েব পোর্টাল। এরপর এই নারদ দুর্নীতি মামলা নিয়ে উত্তাল হয়ে ওঠে পশ্চিমবঙ্গ। বিভিন্ন মহল থেকে দাবি ওঠে এই মামলার তদন্ত করাতে হবে সিবিআই দিয়ে।

পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এই দুর্নীতিকাণ্ডে যেহেতু তাদের নেতা-মন্ত্রী-সাংসদদের নাম, সেহেতু সিবিআই দিয়ে তদন্ত করাতে রাজি ছিল না। অবশেষে গত ১৭ মার্চ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বে গড়া ডিভিশন বেঞ্চ চার জনস্বার্থ মামলার শুনানি শেষে এক নির্দেশে জানিয়ে দেন নারদ মামলার তদন্ত করবে সিবিআই। হাইকোর্টের নির্দেশের পর সিবিআই কর্মকর্তারা নারদ মামলার তদন্তও শুরু করেন।

সেদিন এই স্টিং অপারেশনের ভিডিও ফুটেজে দেখা গিয়েছিল, তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা–মন্ত্রীদের ঘরে ঘরে, হাতে হাতে পৌঁছে যাচ্ছে টাকা। এই স্টিং অপারেশনে যাঁদের বিরুদ্ধে অর্থ গ্রহণের অভিযোগ এসেছিল, তাঁরা হলেন মুকুল রায় (সাবেক রেলমন্ত্রী-২০ লাখ টাকা), সুব্রত মুখোপাধ্যায় (পঞ্চায়েত মন্ত্রী-৫ লাখ), সুলতান আহমেদ (তৃণমূল সাংসদ-৫ লাখ), সৌগত রায় (তৃণমূল সাংসদ-৫ লাখ), শুভেন্দু অধিকারী (তৃণমূল সাংসদ-৫ লাখ), কাকলি ঘোষ (তৃণমূল সাংসদ-৫ লাখ), প্রসূণ ব্যানার্জি (তৃণমূল সাংসদ-৫ লাখ), শোভন চ্যাটার্জি (কলকাতার মেয়র-৪ লাখ), মদন মিত্র (সাবেক পরিবহনমন্ত্রী-৫ লাখ), ইকবাল আহমেদ (তৃণমূল সাংসদ-৫ লাখ), ফিরহাদ হাকিম (পৌর ও নগর উন্নয়নমন্ত্রী-৫ লাখ) এবং আহমেদ মির্জা (সিনিয়র পুলিশ অফিসার-৫ লাখ টাকা)।
আজ সিবিআই যে ১৩ জনের বিরুদ্ধে মামলা করে, তাঁরা হলেন মুকুল রায়, শুভেন্দু অধিকারী, মদন মিত্র, ইকবাল আহমেদ, ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, সৌগত রায়, কাকলি ঘোষ, সুব্রত মুখোপাধ্যায়, সুলতান আহমেদ, অপরূপা পোদ্দার, প্রসূন চট্টোপাধ্যায় এবং পুলিশ কর্মকর্তা এস এম এইচ মির্জা।