নারদ-কাণ্ডের ভিডিওচিত্র হাইকোর্টে জমা দেওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃণমূল কংগ্রেসের ১৩ নেতা, মন্ত্রী, সাংসদ ও বিধায়কদের ঘুষ নেওয়ার সব ভিডিওচিত্র আগামী দুই সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেললুর ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ জনস্বার্থে করা তিনটি মামলার শুনানি শেষে এই নির্দেশ দেন। ৮ এপ্রিল পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন আদালত।
হাইকোর্টের নির্দেশে বলা হয়, এই ভিডিওচিত্র কে, কবে, কখন, কোথায় এবং কীভাবে ধারণ করেছেন, এটাও একটি হলফনামার মাধ্যমে হাইকোর্টে নারদ নিউজ ডটকমকে জমা দিতে হবে। একই সঙ্গে ক্যামেরা ও সম্পাদনা করার আনুষঙ্গিক যন্ত্রগুলো জমা দিতে বলা হয়েছে আদালতে।
নারদ নিউজের পক্ষে রাজ্যের সাবেক আইনজীবী জেনারেল বিমল চট্টোপাধ্যায় দাঁড়িয়ে এ সময় আদালতকে জানান, ওই হলফনামা যথাসময়ে পেশ করা হবে।
জনস্বার্থে করা মামলার শুনানির সময় আইনজীবী ও তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নারদ নিউজের বিপক্ষে দাঁড়িয়ে বলেন, ঘুষ এবং ডোনেশান কী, এর ফারাকটা খতিয়ে দেখা দরকার। সেটা বুঝতে হবে।
আইনজীবীর এই মন্তব্যের পর বিরোধী দল থেকে দাবি করা হয়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যে প্রমাণিত হয়েছে, ঘুষ-কাণ্ড ঠিক এবং ঘুষ নেওয়ার ঘটনাও সত্য। এখন প্রশ্ন তোলা হচ্ছে, ওই অর্থ গ্রহণের ঘটনা ঘুষ গ্রহণের ঘটনা পর্যায়ের না-ও হতে পারে। হতে পারে ডোনেশানের পর্যায়ে। কারণ, অনেক মানুষ নির্বাচনের আগে প্রার্থী বা দলকে ডোনেশান দিয়ে থাকে। ফলে এ নিয়ে ফের বিতর্ক ওঠে।
বিরোধী দলের দাবি, প্রকারান্তরে তৃণমূল সাংসদ ও আইনজীবী টাকা গ্রহণের কথা স্বীকার করেছেন। এখন তাঁরা যুক্তি দেখাচ্ছেন ওই টাকা ঘুষ নয়, ডোনেশান।
এর আগে দ্বিতীয় ফুটেজ প্রকাশ হওয়ার পর তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার বলেছিলেন, অনেকে হয়তো নির্বাচনের সময় ডোনেশান দিয়ে থাকতে পারেন। তবে তিনি ঘুষ নেননি। অপরূপা বিষয়টি তদন্ত করার দাবি জানিয়ে বলেছেন, ঘুষ গ্রহণের প্রমাণ মিললে তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন।
তবে তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় এর আগে বলেছিলেন, যেখানে ঘটনাটি ভুয়া, সেখানে তদন্তের প্রশ্ন নেই।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেসের ১৩ নেতা, মন্ত্রী, সাংসদ ও বিধায়কদের ঘুষ গ্রহণসংবলিত ভিডিওচিত্র প্রকাশ করে নারদ নিউজ ডটকম। ১৪ মার্চ প্রথম দফা ও ২১ মার্চ দ্বিতীয় দফায় ভিডিওচিত্র প্রকাশ করে নারদ নিউজ। এরপর থেকে পশ্চিমবঙ্গের রাজনীতি উত্তাল হয়ে ওঠে। এই ঘুষ-কাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অবিলম্বে শাস্তি দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি ওঠে।