নারদ কেলেঙ্কারি নিয়ে তদন্তের নির্দেশ মমতার

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ক্ষমতাসীন দলের নেতাদের ঘুষ নেওয়ার ভিডিওচিত্র ফাঁসের ঘটনা (যেটি নারদ কেলেঙ্কারি নামে পরিচিত) তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল সন্ধ্যায় রাজ্য সচিবালয় নবান্নে মমতা রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক শেষে এই নির্দেশ দেন।
ঘটনা তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের ওপর। ভিডিওচিত্র ফাঁসের পর মমতা অবশ্য বলেছিলেন, ‘যেহেতু এটা সত্য নয়, ষড়যন্ত্র; তাই এ নিয়ে তদন্তের অবকাশ নেই।’
এবারের নির্বাচনের আগে কলকাতার পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ করা হয় রাজীব কুমারকে। কিন্তু নির্বাচন কমিশন নির্বাচনের আগে রাজীব কুমারকে সরিয়ে সেখানে আনেন সৌমেন মিত্রকে। এতে বেজায় চটে যান মমতা। নির্বাচনে জয়ী হয়ে মমতা ফের মুখ্যমন্ত্রী হওয়ার পর সৌমেন মিত্রকে সরিয়ে কলকাতার পুলিশ কমিশনার পদে ফিরিয়ে আনেন রাজীব কুমারকে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় মমতা বলেন, ‘আমি চাই এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক। প্রকৃত সত্য মানুষের সামনে আসুক। তদন্ত করলেই পরিষ্কার হয়ে যাবে এই ঘটনার পেছনে কোনো চক্রান্ত আছে কি না?’ তিনি আরও বলেন, ‘তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে তাঁরা অবশ্যই শাস্তি পাবেন।’
গত ১৪ মার্চ প্রথম ফাঁস হয় তৃণমূলের ১১ জন নেতা, সাংসদ, মন্ত্রী এবং বিধায়কদের ঘুষ নেওয়ার ছবি। দিল্লির নারদ নিউজ ডট কম একটি স্টিং অপারেশনের মাধ্যমে এই ঘুষ গ্রহণের ছবি ধারণ করে তা ফাঁস করে।