ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ‘নারদ কাণ্ড’ ব্যাপক প্রভাব ফেলতে চলেছে ভোটারদের ওপর। কলকাতায় এবিপি নিউজ-এসি নিয়েলসনের এক জনমত জরিপে এ চিত্রই ফুটে উঠেছে। গতকাল শনিবার জরিপের ফল প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা। আলোচিত ওয়েবসাইট নারদের ‘স্টিং অপারেশনের’ ফলে সরকারের ভাবমূর্তি ধাক্কা খেয়েছে কি না—এ প্রশ্নের জবাবে ৬৬ শতাংশ ভোটারই বলেছেন ‘হ্যাঁ’।
কলকাতা শহরকে পাঁচটি অঞ্চলে ভাগ করে ১৭ মার্চ এই জরিপ চালানো হয়। এতে মতামত নেওয়া হয় ১ হাজার ১৯ জন ভোটারের। দেখা যায়, ৬৬ শতাংশ ভোটারই মনে করেন, নারদ কেলেঙ্কারিতে সরকারের ভাবমূর্তি ধাক্কা খেয়েছে। মাত্র ২৮ শতাংশ ভোটার মনে করেন, ভাবমূর্তির ক্ষতি হয়নি।
এ কেলেঙ্কারির পর জড়িত বলে অভিযুক্ত নেতাদের প্রার্থিতা নির্বাচন কমিশনের বাতিল করা উচিত কি না—সেই প্রশ্নের জবাবে জরিপে অংশগ্রহণকারীদের ৬১ শতাংশই বলেছেন হ্যাঁ। না বলেছেন মাত্র ৩৪ শতাংশ। মুখ্যমন্ত্রী মমতার নিজের ভাবমূর্তি ধাক্কা খেয়েছে কি না—সেই প্রশ্নের জবাবে ৫৬ শতাংশ বলেছেন হ্যাঁ। নেতিবাচক জবাব দিয়েছেন ৩৯ শতাংশ। কথিত ষড়যন্ত্রের তত্ত্ব দিয়ে মমতা তাঁর নেতাদের বাঁচাতে চাইছেন কি না—এই প্রশ্নের জবাবে ৫১ শতাংশ বলেছেন হ্যাঁ। না বলেছেন ৪১ শতাংশ।
তবে জরিপে দেখা গেছে, ভোটাররা মনে করেন তৃণমূল সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে এর আগের সারদা কেলেঙ্কারিতেই। ৫৪ শতাংশ ভোটার তা মনে করেন। নারদকে বড় ধাক্কা মনে করেন ৩২ শতাংশ। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতার ভাবমূর্তি দুইয়ের মধ্যে কোন কেলেঙ্কারিতে বেশি ধাক্কা খেয়েছে—সে প্রশ্নের জবাবে ভোটাররা বলেছেন, নারদ কাণ্ডে ধাক্কা খেয়েছে ৪৩ শতাংশ আর সারদা কাণ্ডে ধাক্কা খেয়েছে ৩৮ শতাংশ।
ভোট দেওয়ার সময় নারদ কেলেঙ্কারির কথা মনে করবেন কি না—এ প্রশ্নের জবাবে ৫৮ শতাংশ ভোটার বলেছেন হ্যাঁ, না বলেছেন ৩৪ শতাংশ।
গত সোমবার পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের ১১ জন নেতা, মন্ত্রী, সাংসদ ও বিধায়কের অর্থ গ্রহণের এক চাঞ্চল্যকর ভিডিও ফাঁস করে দিল্লির সংবাদভিত্তিক ওয়েবসাইট নারদ নিউজ ডট কম। এতে দেখা যায়, ওই নেতারা দৃশ্যত ব্যবসায়িক সুবিধার অঙ্গীকারের বিনিময়ে নগদ অর্থ নিচ্ছেন। নারদ বলেছে, তাদের লোকেরা একটি ব্যবসায়িক কোম্পানির প্রতিনিধি সেজে ওই নেতাদের ফাঁদে ফেলতে স্টিং অপারেশন চালায়।
এদিকে নারদ নিউজের মুখ্য নির্বাহী কর্মকর্তা ম্যাথু স্যামুয়েলকে কলকাতা হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে শুক্রবার। মঙ্গলবার দুপুরে স্টিং অপারেশনে সিডিসহ তাদের একজন প্রতিনিধিকে আদালতে হাজির হতে হবে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে হাইকোর্টে দায়ের করা তিনটি জনস্বার্থ মামলার শুনানিকালে এ নির্দেশ দেন প্রধান বিচারপতি মঞ্জুলা চেললুর ও বিচারপতি অরিজিৎ ব্যানার্জির ডিভিশন বেঞ্চ।