নারদ কেলেঙ্কারিতে তৃণমূলের ১২ নেতার বিরুদ্ধে নতুন মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের চাঞ্চল্যকর নারদ দুর্নীতি মামলা নয়া মোড় নিল। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই তৃণমূল কংগ্রেসের ১২ নেতা ও এক শীর্ষ পুলিশ কর্মকর্তাসহ মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং মেয়রের বিরুদ্ধে মামলা করেছে। সেই মামলার তদন্তও শুরু করেছে সিবিআই। নারদ-কাণ্ডে এবার সিবিআইয়ের পর ভারতের এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি) নতুন করে তৃণমূলের সেই ১২ নেতার বিরুদ্ধে মামলা শুরু করেছে। 


ইডি অর্থ কেলেঙ্কারির এ ঘটনায় নেতাদের ডেকে জিজ্ঞাসাবাদ করার উদ্যোগ নিয়েছে। জানতে চাওয়া হবে কেন তাঁরা টাকা নিয়েছিলেন বা সেই টাকা তাঁরা কোথায় রেখেছেন বা খরচ করেছেন কি না? করলে কীভাবে খরচ করেছেন ইত্যাদি। ইডির এই মামলা দায়েরের ফলে তৃণমূলের নেতারা ফের আরেকটি ধাক্কা খেলেন।

এর আগে নারদ-কাণ্ড নিয়ে সিবিআইকে দিয়ে মামলা দায়েরের দাবি উঠলে সেই দাবি আমলে নেয়নি পশ্চিমবঙ্গ সরকার। কারণ, মামলায় জড়িত ব্যক্তিরা মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর মেয়র এবং তৃণমূলের নেতা। সিবিআই তদন্তের এই দাবি নিয়ে তিনটি জনস্বার্থ মামলা হয় কলকাতা হাইকোর্টে। এ ব্যাপারে শুনানির পর গত ১৭ মার্চ হাইকোর্ট সিবিআইকে মামলার তদন্তের নির্দেশ দেন। এতে অসন্তুষ্ট রাজ্য সরকার ওই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্ট গত ২১ মার্চ জানিয়ে দেন, নারদ মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল থাকবে। অর্থাৎ মামলার তদন্ত করবে সিবিআই।

গত বছরের ১৪ মার্চ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতা, মন্ত্রী, সাংসদ ও বিধায়ক এবং পৌর মেয়রের অর্থ গ্রহণের এক চাঞ্চল্যকর ভিডিও ফুটেজ ফাঁস করে দিল্লির নারদ নিউজ ডট কম নামের একটি ওয়েব পোর্টাল। এরপর এই নারদ দুর্নীতি মামলা নিয়ে উত্তাল হয়ে ওঠে পশ্চিমবঙ্গ। বিভিন্ন মহল থেকে দাবি ওঠে, এই মামলার তদন্ত করাতে হবে সিবিআই দিয়ে।

যে ১২ জন তৃণমূল নেতার বিরুদ্ধে সিবিআই মামলা করেছে, তাঁরা হলেন মুকুল রায়, শুভেন্দু অধিকারী, মদন মিত্র, ইকবাল আহমেদ, ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, সুব্রত মুখোপাধ্যায়, সুলতান আহমেদ, অপরূপা পোদ্দার ও প্রসূন চট্টোপাধ্যায়।