নারদ কেলেঙ্কারিতে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারদ কেলেঙ্কারি মামলায় জোর ধাক্কা খেল পশ্চিমবঙ্গ সরকার। এই মামলায় ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই তদন্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করে উল্টো ফেঁসে গেলেন তৃণমূল নেতারা। গতকাল মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আবেদনের শুনানির পর তা খারিজ করে দেন। একই সঙ্গে নারদ মামলার তদন্তের জন্য কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের আদেশ বহাল রাখার নির্দেশ দেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস কেহরের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। 


সুপ্রিম কোর্টের এই রায়ের পর পশ্চিমবঙ্গের সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র নারদ মামলায় জড়িত মন্ত্রী, সাংসদ ও বিধায়কদের অবিলম্বে বরখাস্তের দাবি করেন। তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেরার মাধ্যমে সিবিআই নারদ মামলার তদন্ত শুরু করুক। তিনি বলেন, সবকিছুর মাথা হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা। তাঁর প্রশ্রয় ছাড়া কোনো কিছু হতে পারে না এই রাজ্যে। তিনিই অভিযুক্ত মন্ত্রীদের মনোনয়ন দিয়েছিলেন। অভিযুক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে তিনি কোনো ব্যবস্থা নেননি। সবই হয়েছে তাঁর ছত্রচ্ছায়ায়। মমতার লজ্জা থাকলে যেসব মন্ত্রীর বিরুদ্ধে নারদ কেলেঙ্কারির দাগ পড়েছে, তাঁদের বরখাস্ত করা উচিত।

সুপ্রিম কোর্ট গতকাল বিকেলে শুনানি শেষে জানিয়েছেন, কলকাতা হাইকোর্ট নারদ মামলা তদন্তের জন্য সিবিআইকে যে নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশই বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট। হাইকোর্টের পক্ষপাতিত্বের যে অভিযোগ তোলা হয়েছিল, এতে সুপ্রিম কোর্ট অসন্তোষ প্রকাশ করে রাজ্য সরকারকে ভর্ৎসনা করেন এবং ক্ষমা চেয়ে মামলা প্রত্যাহারের নির্দেশ দেন। এরপরই পশ্চিমবঙ্গ সরকার মামলা নিঃশর্তভাবে তুলে নেয়। তবে সুপ্রিম কোর্ট এই মামলা প্রাথমিক তদন্তের জন্য কলকাতা হাইকোর্টের দেওয়া তিন দিনের সময় বাড়িয়ে ৩০ দিন করে দিয়েছেন। এ ছাড়া যেসব তৃণমূল মন্ত্রী ও নেতা সিবিআই তদন্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আজ আবেদন দায়ের করেছিলেন, সেসব আবেদনও খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট।

১৭ মার্চ কলকাতা হাইকোর্ট নারদ মামলার তদন্তভার তুলে দেন ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের হাতে। এতে ক্ষুব্ধ হয়ে পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল কংগ্রেস কলকাতা হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে পৃথক মামলা করে। এই নারদ মামলায় ফাঁস হওয়া ভিডিও ফুটেজে উঠে এসেছে শাসক তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নেতা, মন্ত্রী, সাংসদ ও বিধায়কের ঘুষ গ্রহণের দৃশ্য। 

সেদিন এই স্টিং অপারেশনের ভিডিও ফুটেজে দেখা গিয়েছিল, তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ও মন্ত্রীর ঘরে ঘরে, হাতে হাতে পৌঁছে যাচ্ছে টাকা। এই স্টিং অপারেশনে যাঁদের বিরুদ্ধে অর্থ গ্রহণের অভিযোগ এসেছিল, তাঁরা হলেন মুকুল রায় (সাবেক রেলমন্ত্রী ২০ লাখ টাকা), সুব্রত মুখোপাধ্যায় (পঞ্চায়েতমন্ত্রী ৫ লাখ টাকা), সুলতান আহমেদ (তৃণমূল সাংসদ ৫ লাখ টাকা), সৌগত রায় (তৃণমূল সাংসদ ৫ লাখ টাকা), শুভেন্দু অধিকারী (তৃণমূল সাংসদ ৫ লাখ টাকা), কাকলি ঘোষ দস্তিদার (তৃণমূল সাংসদ ৫ লাখ টাকা), প্রসূন ব্যানার্জি (তৃণমূল সাংসদ ৫ লাখ টাকা), শোভন চ্যাটার্জি (কলকাতার মেয়র ৪ লাখ টাকা), মদন মিত্র (সাবেক পরিবহনমন্ত্রী ৫ লাখ টাকা), ইকবাল আহমেদ (তৃণমূল সাংসদ ৫ লাখ টাকা), ফিরহাদ হাকিম (পৌর ও নগর উন্নয়নমন্ত্রী ৫ লাখ টাকা) এবং মহম্মদ আহমেদ মির্জা (জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ৫ লাখ টাকা)।