নারদ ঘুষ কেলেঙ্কারি মামলায় তৃণমূলের নেতা-মন্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুব্রত মুখার্জি, ফিরহাদ হাকিম, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়
ফাইল ছবি

পশ্চিমবঙ্গে সাড়াজাগানো নারদ ঘুষ কেলেঙ্কারি মামলায় পাঁচজনের বিরুদ্ধে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) বিশেষ আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। চার্জশিটে নাম রয়েছে তৃণমূলের তিন নেতা ও মন্ত্রী, দলটির সাবেক এক নেতা এবং সাবেক এক পুলিশ কর্মকর্তার। গতকাল বুধবার আদালতে চার্জশিট পেশ করেন ইডির কর্মকর্তা রথীন বিশ্বাস।

চার্জশিটে নাম থাকা তৃণমূলের তিন নেতা হলেন সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম ও মদন মিত্র। এ ছাড়া নাম রয়েছে শোভন চট্টোপাধ্যায়ের। তিনি তৃণমূল থেকে গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। আগামী ১৬ নভেম্বর এই চারজন ও সাবেক পুলিশ কর্মকর্তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে ইডি।

এর আগে গত ১৭ মে সকালে নারদ দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে ভারতীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন ওই চার নেতা। গ্রেপ্তারের পর কলকাতায় সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হয় তাঁদের। সেদিনই আদালত তাঁদের প্রত্যেককে ৫০ হাজার রুপির ব্যক্তিগত বন্ডে জামিন দেন। কিন্তু রায়ে সন্তুষ্ট না হয়ে কলকাতা হাইকোর্টে ওই জামিন বাতিলের আবেদন করে সিবিআই। আবেদনের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট চার নেতার জামিন বাতিল করেন। সেদিন গভীর রাতেই তাঁদের কলকাতার প্রেসিডেন্সি কারাগারে পাঠানো হয়।

এরপর ওই চার নেতা হাইকোর্টে তাঁদের জামিন বাতিলের আদেশ পুনর্বিবেচনার আবেদন করেন। সেই আবেদন গ্রহণ করেন হাইকোর্ট। শুনানি হয় হাইকোর্টের পাঁচ সদস্যের বৃহত্তর বেঞ্চে। এই বেঞ্চই পরে ২৮ মে চার নেতাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন।

২০১৬ সালের ১৪ মার্চ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগমুহূর্তে তৃণমূল কংগ্রেসের নেতা, মন্ত্রী, সাংসদ ও বিধায়কদের অর্থ গ্রহণের চাঞ্চল্যকর তথ্য ফাঁস করা হয় দিল্লির নারদ নিউজ ডটকম নামের একটি ওয়েব পোর্টালে। সেদিনই এ ঘটনার একটি ভিডিও কলকাতার রাজ্য বিজেপির কার্যালয়ে ফাঁস করে বিজেপি। ভিডিওতে উঠে আসে নেতাদের ঘুষ গ্রহণের ছবি।

সে বছর তথ্য ফাঁসের পর বিজেপির পশ্চিমবঙ্গের দায়িত্বে থাকা তৎকালীন কেন্দ্রীয় নেতা সিদ্ধার্থনাথ সিং অবিলম্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছিলেন। বিরোধিদলীয় নেতা ও সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ওই নির্বাচন স্থগিত রাখার দাবিও তুলেছিলেন।