নারদ দুর্নীতি মামলা: ৪ নেতার জামিন খারিজের আদেশ পুনর্বিবেচনার আবেদনের শুনানি আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুব্রত মুখার্জি, ফিরহাদ হাকিম, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়
ফাইল ছবি

পশ্চিমবঙ্গের চাঞ্চল্যকর নারদ দুর্নীতি মামলায় গ্রেপ্তার চার নেতার জামিন বাতিলের আদেশ পুনর্বিবেচনার শুনানি হবে আজ কলকাতা হাইকোর্টে। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই শুনানি হওয়ার কথা। এই মামলা এই রাজ্য বাদে অন্য কোনো রাজ্যে স্থানান্তরের আবেদনেরও শুনানি হবে আজ বুধবার।

গত সোমবার সকালে নারদ দুর্নীতি মামলায় জড়িত থাকার অপরাধে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-সিবিআই তৃণমূলের প্রবীণ নেতা ও সাবেক মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, তৃণমূল নেতা ও কলকাতা পৌর করপোরেশনের সাবেক মেয়র ও বর্তমান মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম, সাবেক মন্ত্রী ও নবনির্বাচিত তৃণমূল বিধায়ক মদন মিত্র এবং কলকাতা পৌর করপোরেশনের সাবেক মেয়র ও বর্তমান বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে। রাতে সিবিআই আদালত জামিনে মুক্তি পেলেও রাতে সিবিআইর কলকাতা হাইকোর্টে জামিনের আদেশ বাতিল করার আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সেই জামিনের আদেশ বাতিল করে তাঁদের কলকাতার প্রেসিডেন্সি কারাগারে পাঠিয়ে দেন। রাত সাড়ে ৮টায় এই চার নেতাকে কলকাতার বিশেষ সিবিআই আদালত জামিনে মুক্তি দেন। ওই রাতেই সিবিআই জামিনের আদেশ বাতিলের আবেদন করে কলকাতার হাইকোর্টে। শুনানির পর হাইকোর্ট ওই চার নেতার জামিন বাতিল করে রাত দেড়টায় ওই চার নেতাকে পাঠিয়ে দেন কলকাতার প্রেসিডেন্সি কারাগারে।

কারাগারে ঢোকার পর এই চার নেতার মধ্যে তিন নেতা সুব্রত, শোভন এবং মদন মিত্র শারীরিক অসুস্থ বোধ করলে তাঁদের সকালে কলকাতার পিজি হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে ভর্তি করা হয় ফিরহাদ হাকিমকেও।

এইদিকে এই চার নেতার জামিন খারিজের আদেশ পুনর্বিবেচনার জন্য গতকাল কলকাতা হাইকোর্টে আবেদন জানান ওই চার নেতার আইনজীবীরা। আজ এই আবেদনের শুনানির দিন ধার্য হয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।

এদিকে সিবিআইও গতকাল ওই চার নেতার জামিন বাতিলসহ নিরাপত্তার কারণে এই মামলা কলকাতা বা পশ্চিমবঙ্গ থেকে ভারতের অন্য কোনো রাজ্যে স্থানান্তর করার আবেদন করে। সেই আবেদনেরও শুনানি হতে পারে আজ বুধবার।

২০১৬ সালের মার্চ মাসের রাজ্য বিধানসভার নির্বাচনের প্রাক্কালে তৃণমূল নেতামন্ত্রীদের ঘুষ নেওয়ার এক কেলেঙ্কারি ফাঁস হয়। তা নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে ২০১৭ সালের মার্চ মাসে এই নারদ কেলেঙ্কারি মামলার তদন্তের ভার দেওয়া হয় ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইর হাতে। যদিও ২০১৬ সালে এই নারদ স্টিং অপারেশনের তথ্য ফাঁস হওয়ার পর প্রথম এই মামলাটির তদন্ত ভার গ্রহণ করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।

সেই মামলায় আসামি করা হয় পশ্চিমবঙ্গের তৎকালীন চার মন্ত্রীসহ অন্যান্য তৃণমূল নেতাদের। কিন্তু মন্ত্রীদের বিরুদ্ধে মামলা চালাতে গেলে রাজ্যপালের অনুমতির প্রয়োজন হয়। সেই লক্ষ্যে সিবিআই রাজ্যপালের কাছে এই মামলা চালানোর জন্য অনুমতি চাইলে দীর্ঘদিন পর অবশেষে রাজ্যপাল এই চার নেতার বিরুদ্ধে মামলা চালানোর অনুমতি দেয়। তৃণমূল বলেছে, সেই অনুমতি বেআইনি। সিবিআই রাজ্য বিধানসভার স্পিকারেরও কোনো অনুমতি নেয়নি।