নারদ দুর্নীতির তদন্ত সিবিআইয়ের হাতেই থাকছে
পশ্চিমবঙ্গের চাঞ্চল্যকর নারদ দুর্নীতি মামলার তদন্ত ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিবিআই) হাতেই রাখার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। গতকাল মঙ্গলবার তদন্তের আদেশ স্থগিত চেয়ে একটি আবেদন শুনানি শেষে তা খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস খেহর। তিনি ওই আবেদনকে ‘সারমর্মহীন’ মন্তব্য করে আবেদনকারী আইনজীবীকে ভর্ৎসনাও করেন।
জে এস খেহর বলেন, এই মামলা নিয়ে বিশদ শুনানির পরই আদালত রায় দিয়েছিলেন।
সিবিআইয়ের তদন্ত স্থগিত চেয়ে আবেদনকারী শমিতাভ ধর বলেন, মামলার বিবাদীরা রাজ্যসভা, লোকসভা ও বিধানসভার সদস্য। এই নিয়ে তিন আইনসভার নীতি কমিটির তদন্ত এখনো শেষ হয়নি। তাই তার আগে সিবিআই তদন্ত হতে পারে না।
প্রধান বিচারপতি ওই সময় আবেদনকারী আইনজীবীর উদ্দেশ্যে বলেন, ‘আপনি তরুণ আইনজীবী, না হলে জরিমানা চাপাতাম।’
সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই তৃণমূল কংগ্রেসের ১২ নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, কলকাতার মেয়রসহ এক শীর্ষ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। সেই মামলার তদন্তও শুরু করেছে সিবিআই। সিবিআইয়ের পর এবার নারদ দুর্নীতি মামলায় ভারতের এনফোর্সমেন্ট ডাইরেক্টটরেট বা ইডি নতুন করে তৃণমূলের সেই ১২ নেতা ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক মামলা শুরু করেছে। নারদ কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর সিবিআই তদন্তের দাবি নিয়ে তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। তিন আবেদন শুনানির পর গত ১৭ মার্চ হাইকোর্ট নির্দেশ দেন মামলার তদন্ত করবে সিবিআই। এতে অসন্তুষ্ট রাজ্য সরকার ওই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্ট গত ২১ মার্চ আদেশ দেন নারদ মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল থাকবে। অর্থাৎ মামলার তদন্ত করবে সিবিআই।
প্রসঙ্গত, গত বছরের ১৪ মার্চ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের ১২ নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরমেয়র সহ একজন শীর্ষ পুলিশ কর্মকর্তার অর্থ নেওয়ার এক চাঞ্চল্যকর ভিডিও ফুটেজ ফাঁস করে দিল্লির নারদ নিউজ ডট কম নামের একটি ওয়েব পোর্টাল।
যে ১৩ জন তৃণমূল নেতার বিরুদ্ধে সিবিআই মামলা দায়ের করেছে, তাঁরা হলেন: মুকুল রায়, শুভেন্দু অধিকারী, মদন মিত্র, ইকবাল আহমেদ, ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, সুব্রত মুখোপাধ্যায়, সুলতান আহমেদ, অপরূপা পোদ্দার, প্রসূন চট্টোপাধ্যায় ও পুলিশ কর্মকর্তা মো. আহমেদ মির্জা।